• রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে বিবাদ বেঁধেছে ফারহান আখতারের। আচমকা রণবীর ছবিটি ছেড়ে দেওয়ায় বিশ বাঁও জলে পড়েছে ছবিটি। এই আবহে ফারহানের কেরিয়ারে সুখবর। হলিউডে ডেবিউ করছেন অভিনেতা-পরিচালক। শোনা যাচ্ছে, অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেসের ছবিতে কাজ করবেন ফারহান। শোনা যাচ্ছে, বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-এর উপর ভিত্তি করে এই ছবি তৈরি করছেন পরিচালক। সেখানেই কিংবদন্তি সেতারবাদক রবিশংকরের চরিত্রে অভিনয় করবেন ফারহান। লুসি বয়েন্টন, মরফিড ক্লার্ক, পল মেসকাল, হ্যারিস ডিকিনসন, জোসেফ কুইনের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ফারহানকে। জানা গিয়েছে, ব্রিটিশ ব্যান্ডের চার সদস্যের দৃষ্টিভঙ্গিতে চারটি গল্প দেখানো হবে এই ছবিতে। এমন একটি আন্তর্জাতিক মানের প্রজেক্টে ফারহান যোগ দেওয়ায় খুশি তাঁর অনুরাগীরা। ২০২৮ সালে ছবিটি মুক্তি পেতে চলেছে।



