নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত শনিবার বারাসত স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংকে হারিয়ে আট বছর পর কলকাতা লিগ জেতে মোহন বাগান। বুধবার সেই ট্রফি দেওয়া হল তাদের। এদিন ক্লাবের মাঠে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের বিরতিতে সায়ন ব্যানার্জিদের হাতে ট্রফি তুলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উপস্থিতি ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ শেষে ফুটবলাররা ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এরপর ক্লাব তাঁবুতে ট্রফির ছবি তুলতে সমর্থকদের ভিড় জমে যায়। উল্লেখ্য, সুপার জায়ান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এই প্রথম কোনো ট্রফি সরাসরি ক্লাব তাঁবুতে ঢুকল। এই প্রসঙ্গে ক্লাবের সচিব সৃঞ্জয় বসুর মন্তব্য, ‘আমাদের সব সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই নেওয়া হয়। আগেও এটিকে মোহন বাগান নিয়ে আরপিজি গ্রুপের সঙ্গে আলোচনার মাধ্যমেই নাম পরিবর্তন হয়েছিল। এবার ট্রফি এসেছে একই পথে।’ একধাপ এগিয়ে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘এবার থেকে ট্রফি নিয়ে ফুটবলাররা ক্লাবেই আসবে।’ উল্লেখ্য, ম্যাচ শুরু আগে লিগ জয়ের ক্লাবের লনে পতাকা উত্তোলন করেন মোহন বাগান কর্তারা।



