‘বোঝা’ অশীতিপর বৃদ্ধাকে জঙ্গলে ফেলে রেখে গেল বাড়ির লোকজন, পাঁচ ছেলেমেয়েই মাকে রাখতে নারাজ, কাঁথিতে শোরগোল
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: তিন ছেলের কেউ বৃদ্ধা মা’কে সঙ্গে রাখতে রাজি নন। দুই মেয়েও ঠাঁই দিতে নারাজ। মায়ের ভরনপোষণ নিয়ে গণ্ডগোলও হয়েছে তাঁদের মধ্যে। তারপর রাতে অশীতিপর বৃদ্ধা মাকে জঙ্গলে ফেলে দিয়ে গেলেন বৃদ্ধার এক মেয়ের স্বামী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁথিতে। বিষয়টি সামনে আসার পর সন্তানদের ভূমিকার প্রবল সমালোচনা শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উমেশ প্রধান বলেন, ‘নিজের মায়ের থাকার জন্য বাড়িতে জায়গা নেই! মা বাড়ির বাইরে থাকবেন? তাঁর ঠাঁই হবে রাস্তায়? এটা ভাবতে অবাক লাগছে।’

Advertisement

কাঁথির পিছাবনিতে রাস্তার পাশে একটি জঙ্গল আছে। সেখানে বৃদ্ধাকে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন মহিলাকে দেখতে পান। মাদুরের উপর দু’টি কাঁথা পাতা, বৃদ্ধা তার উপর বসে ঠান্ডায় কাঁপছেন। এই শেষবয়সে তাঁর সম্পত্তি বলতে কাপড়ের একটি পুঁটলি ও মশারি। মহিলার দুর্দশার কথা লহমায় ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ দেখতে আসেন। খবর যায় প্রশাসনের কাছে। তারপর পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্চিতা জানার প্রতিনিধি নীলকমল জানা ঘটনাস্থলে যান। জানা যায়, মহিলার বাড়ি কাঁথির দুলালপুর পঞ্চায়েতের কচুয়ায়। এরপর কাঁথি থানায় খবর দেওয়া হলে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে। এবং বাড়ি পৌঁছে দেয়। কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু শতপথি বৃদ্ধার বাড়ি গিয়েছিলেন। ঘুরে এসে তিনি বলেছেন, ‘আমরা ওঁর ছেলে ও মেয়েদের নিয়ে বসব। যাঁরা মাকে বাড়ির বাইরে পাঠিয়েছেন, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।’ বৃদ্ধার তিন ছেলে, দুই মেয়ে। স্বামী মারা গিয়েছেন। তিন ছেলের মধ্যে পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা করে দিয়েছেন। তারপরই মায়ের দায়িত্ব নেবেন কোন সন্তান, তা নিয়ে ছেলেদের মধ্যে অশান্তি শুরু হয়। শেষমেশ ভাগের মায়ের ভাগ্যে গঙ্গা জোটেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেরা কেউ দায়িত্ব না নেওয়ায় বৃদ্ধা কিছুদিন তাঁর এক কন্যার কাছে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে সেই কন্যার স্বামী শাশুড়িকে ফেলে দিয়ে গিয়েছেন জঙ্গলে। কাঁথি থানার আই সি মনোজ ঝা বলেছেন, ‘বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ছেলেদের এবং পরিবারের সব সদস্যকে সতর্কও করা হয়েছে। তাঁরা আমাদের কাছে ভুল স্বীকার করেছেন।’