ক্রেডিট কার্ডের টোপ গিলে সাইবার জালিয়াতদের খপ্পরে ফলতার বিডিও
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: এবার সাইবার জালিয়াতদের টোপ গিলে আর্থিক প্রতারণার শিকার হলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও। ক্রেডিট কার্ডের টোপ দিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম উইং। কোন অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়েছে, সেই সূত্র ধরে আজমত আলি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পিছনে সাইবার জালিয়াতির বড়ো চক্র রয়েছ বলে জানতে পারছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের শেষে ওই পদস্থ সরকারি আধিকারিকের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ব্যাংকের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে জানায়, ক্রেডিট কার্ডের বিশেষ অফার রয়েছে তাঁর জন্য। তাঁর অ্যাকাউন্ট ভালোভাবে ‘মেনটেইন’ হওয়ার কারণেই ব্যাংক এই কার্ড তাঁকে দিচ্ছে বলে জানায় ওই ব্যক্তি। তাঁকে আরও বলা হয়, ক্রেডিট কার্ড রাখার জন্য বার্ষিক কোনো চার্জ দিতে হবে না। এসব কথার পর বিডিও ক্রেডিট কার্ড নেওয়ার আগ্রহ প্রকাশ তাঁকে একটি লিংক পাঠানো হয়। সেই লিংক খুলে যাবতীয় তথ্য পূরণ করে জমা দিলেই তাঁর বাড়িতে ক্রেডিট কার্ড চলে আসবে। সেই মতো বিডিও প্রতারকদের পাঠানো লিংকে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা উঠে যায়। ফোনে টাকা তোলার এসএমএস পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। সাইবার প্রতারকদের পাল্লায় পড়েছেন বুঝে তিনি ডায়মন্ডহারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম উইংয়ে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। 
তদন্তে নেমে পুলিশ ওই সরকারি আধিকারিকের অ্যাকাউন্টের নথি ব্যাংক থেকে সংগ্রহ করেন। তা বিশ্লেষণ করতে গিয়ে তাঁরা দেখেন, টাকা উঠে যাওয়ার পর অন্য যে অ্যাকাউন্টে তা ঢুকেছে, সেটি ভাড়ার অ্যাকাউন্ট। সেখান থেকে আবার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। অ্যাকাউন্টের সূত্র ধরে আজমত নামে এক ব্যক্তিকে কয়েকদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাকে প্রস্তাব দেওয়া হয় অ্যাকাউন্ট ভাড়া দিলে কমিশন পাওয়া যাবে। টাকার লোভেই সে ওই প্রস্তাবে রাজি হয়েছিল। পরে সেই টাকা জালিয়াতদের কথামতো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এখান থেকেই তদন্তকারীরা নিশ্চিত যে এর পিছনে ভিন রাজ্যের সাইবার জালিয়াতরা রয়েছে। অ্যাকাউন্টের সূত্র ধরে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।