Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযোগ প্রতারণা ও ধর্ষণের, হাড়োয়ায় গ্রেপ্তার ভুয়ো এসপি

পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুস্মিত সেন। তবে, তিনি নিজেকে রণজয় চট্টোপাধ্যায় বলে জাহির করতেন।

অভিযোগ প্রতারণা ও ধর্ষণের, হাড়োয়ায় গ্রেপ্তার ভুয়ো এসপি
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার হাড়োয়া থানার হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিস সুপার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুস্মিত সেন। তবে, তিনি নিজেকে রণজয় চট্টোপাধ্যায় বলে জাহির করতেন। সোমবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁর বিরুদ্ধে হয়েছে ধর্ষণের অভিযোগও।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, সুস্মিত বারুইপুর থানার হোমগার্ড পদে চাকরি করতেন। কয়েক বছর আগে কাজে গাফিলতির কারণে তাঁর চাকরি যায়। অভিযোগ, এরপর থেকেই কখনও ক্যানিং, কখনও গরফা এলাকায় বাড়ি কিংবা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। পাশাপাশি প্রতারণার ফাঁদ পেতে বসেন। নিজেকে পুলিস সুপারের পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন সুস্মিত। নিজের নাম বলতেন পুলিস সুপার রণজয় চট্টোপাধ্যায়! পরতেন পুলিসের পোশাকও। পুলিসের স্টিকার লাগানো বাইকে করেও ঘুরে বেড়াতেন। এরপর চাকরি দেওয়ার নাম করে গরিফা থেকে আমডাঙা পর্যন্ত এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। পরে তদন্তে নেমে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। পুলিসি হেফাজত শেষে তিনি জেল হেফাজতে ছিলেন। এবার তাঁর নামে নতুন করে অভিযোগ দায়ের হয় হাড়োয়া থানায়। যুক্ত হয় ধর্ষণের অভিযোগও। সেই অভিযোগে বলা হয়, আইপিএস অফিসার বলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। হাতিয়ে নেন প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। মূলত তাঁর টার্গেট ছিলেন যুবতীরা। তাঁদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে অন্যান্যদের থেকে কিছু কম টাকা নিতেন। কিন্তু, তাঁদের সঙ্গে সুস্মিত চুক্তি করতেন ঘুরতে যাওয়ার! প্রলোভনে পড়ে কয়েকজন তাতে পাও দেন। কাজ দেওয়ার নাম করে ওই যুবতীদের সঙ্গে যৌন সম্পর্ক করতেন তিনি। হাড়োয়ার এক যুবতীর সঙ্গেই ঘটে এমন ঘটনা।
এনিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, হেফাজতে নিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে ভুয়ো কনস্টেবল অঙ্কিত ঘোষকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ