Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের পোর্টালে ঢালাও নকল পণ্য! ‘জেম’ ওয়েবসাইট থেকে মেশিন, কম্পিউটার কিনে বিপাকে কামারহাটি পুরসভা

সরকারি দপ্তরের বিভিন্ন সামগ্রী কেনার জন্য ‘জেম পোর্টাল’ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই পোর্টাল থেকে সামগ্রী কিনে বিপাকে পড়ছে বহু সরকারি দপ্তর।

কেন্দ্রের পোর্টালে ঢালাও নকল পণ্য! ‘জেম’ ওয়েবসাইট থেকে মেশিন, কম্পিউটার কিনে বিপাকে কামারহাটি পুরসভা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

বিশ্বজিৎ মাইতি, বরানগর: সরকারি দপ্তরের বিভিন্ন সামগ্রী কেনার জন্য ‘জেম পোর্টাল’ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই পোর্টাল থেকে সামগ্রী কিনে বিপাকে পড়ছে বহু সরকারি দপ্তর। কারণ, সামগ্রী আসছে দেরিতে। এই সমস্যার পাশাপাশি নকল জিনিসও সরবরাহ করা হচ্ছে। এই পরিস্থিতিতে কামারহাটি পুরসভা কেন্দ্রের জেম পোর্টাল নয়, রাজ্যের ই-টেন্ডার পোর্টালে বিজ্ঞপ্তি দিয়ে সামগ্রী কেনার সিদ্ধান্ত নিয়েছে। চিঠি দিয়ে বিষয়টি রাজ্যকেও জানিয়েছে তারা। অবিলম্বে জেম পোর্টালে থাকা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি উঠেছে। 

Advertisement

২০১৬ সালে কেন্দ্রীয় সরকার সরকারি দপ্তরগুলির জন্য কেনাকাটার পৃথক ই-মার্কেট তৈরি করেছিল। এরপর কেন্দ্রের বিভিন্ন দপ্তরের পাশাপাশি রাজ্যগুলিকেও জেম পোর্টালের কেনাকাটার কথা বলা হয়েছিল। দফায় দফায় জেম পোর্টালে কেনাকাটা বাধ্যতামূলকও করেছে কেন্দ্র। ফলে বিভিন্ন সরকারি দপ্তর জেম পোর্টাল থেকে কেনাকাটা করে। কিন্তু সামগ্রীর গুণমান নিয়ে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি কামারহাটি পুরসভা ঘাস কাটার মেশিন ও বেশকিছু কম্পিউটার জেম পোর্টালের মাধ্যমে অর্ডার করেছিল। সেইসব সামগ্রী পৌঁছতেও অনেকটা সময় লাগে। পৌঁছানোর পর দেখা যায় একমাস যেতে না যেতেই কম্পিউটারের মনিটরে ডোরাকাটা দাগ এসেছে। ওই নির্দিষ্ট ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে যেতে বলা হয়, ওই কম্পিউটারে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করা হলেও নকল সামগ্রী দিয়ে অ্যাসেম্বল করা হয়েছে। একই অভিজ্ঞতা হয় ঘাস কাটার মেশিনেও। 
পুরসভার এগজিকিউটিভ অফিসার রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, জেম পোর্টালের বেশিরভাগ ভেন্ডার রাজ্যের বাইরের। দূরত্বের জন্য সামগ্রী আসতে সময় লাগছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ব্র্যান্ডের সামগ্রী অর্ডার দেওয়া হলেও তা নকল পাঠানো হচ্ছে। ফলে টাকা খরচ করেও সঠিক সামগ্রী পাওয়া যাচ্ছে না। পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই জেম পোর্টালের পরিবর্তে রাজ্য সরকারের ই-টেন্ডার পোর্টালের মাধ্যমে আমরা সামগ্রী কিনতে চাই। এতে রাজ্যের ব্যবসায়ী ও ব্যবসা বৃদ্ধি পাবে। 
শুধু কামারহাটি পুরসভা নয়, জেম পোর্টাল নিয়ে সমাজমাধ্যমেও ক্ষোভের শেষ নেই। কয়েকবছর আগে নাইসার (এনআইএসইআর) ভুবনেশ্বরের এক অধ্যাপকের দাদা জেম পোর্টালের নকল কম্পিউটার নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। অভিযোগ, এই পোর্টালে থাকা ব্যবসায়ীদের অনেকেই নকল ও নিম্ন গুণমানের সামগ্রী পাঠাচ্ছে। 
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, কেন্দ্রের জেম পোর্টালে সামগ্রী কিনে আমাদের বারবার ঠকতে হচ্ছে। নকল সামগ্রীর পাশাপাশি গুণমানও খারাপ। তাই আমরা বাধ্য হয়ে রাজ্যের ই-টেন্ডার পোর্টালের মাধ্যমে সামগ্রী কিনতে চেয়ে রাজ্যে চিঠি পাঠিয়েছি। বোর্ড মিটিংয়েও এনিয়ে আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ