নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লটারির জাল টিকিট বিক্রির অভিযোগে পাণ্ডুয়া থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সিদ্ধার্থ মণ্ডল। মঙ্গলবার ভোররাতে পাণ্ডুয়া স্টেশন লাগোয়া টোটো স্ট্যান্ড থেকে তাকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরে। পুলিস এদিনই তাকে চুঁচুড়া আদালতে পেশ করেছিল। সম্প্রতি পাণ্ডুয়ার খরাজিপাড়ার বাসিন্দা এক গৌরাঙ্গ বৈরাগি ওই লটারি বিক্রিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। গৌরাঙ্গবাবু জানিয়েছেন, তিনি বেশকিছু দিন ধরে টিকিট কিনলেও তার কোনও তথ্য ফলাফলে পেতেন না। সেখান থেকেই তাঁর সন্দেহ হয়। তিনি তাঁর সমস্ত টিকিট স্ক্যান করে দেখেন, সেগুলি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরেই তিনি অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, এর আগে ডানকুনিতে জাল লটারির টিকিট বাজেয়াপ্ত হয়েছিল।



