নিজস্ব প্রতিনিধি, বরানগর: আসলে হোমিওপ্যাথ, কিন্তু চিকিৎসা করতেন এমবিবিএস ডিগ্রিধারী অ্যালোপ্যাথিক ডাক্তার হিসেবে। শুধু ব্যক্তিগত চেম্বারই নয়, এই ভুয়ো পরিচয়ে প্রায় দু’বছর ধরে বারাকপুরের এক বেসরকারি হাসপাতালেও রোগী দেখছিলেন তিনি। অভিযোগ পেয়ে শনিবার টিটাগড় থানার পুলিস ওই ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পিনাকীরঞ্জন ঘোষ। পুলিস সূত্রের খবর, পিনাকীর বাড়ি হাবড়া থানা এলাকায়। তিনি প্রায় দু’বছর ধরে বারাকপুর লালকুঠি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন। সম্প্রতি এক রোগীর আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে টিটাগড় থানার পুলিস তদন্তে নেমেছিল। শনিবার পুলিস ওই বেসরকারি হাসপাতালে হানা দিয়ে তাঁকে জেরা শুরু করে। পুলিসের প্রাথমিক জেরায় তিনি কার্যত ভেঙে পড়েন। তাঁর এমবিবিএস ডিগ্রির কোনও নথি তিনি দেখাতে পারেননি। এরপরই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। শনিবার বারাকপুর আদালতে তাঁকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কীভাবে তিনি সেখানে এতদিন চিকিৎসক হিসেবে কাজ করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নাকি পিছনে রয়েছে অন্যকোনও রহস্য? তদন্তে নেমেছে পুলিস। কমিশনারেটের এক পুলিস কর্তা বলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।



