নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কলকাতা পুলিশে নিয়োগের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়ল নদীয়ার এক বাসিন্দা। রবিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়। পাশাপাশি, লুকিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় আরও এক পরীক্ষার্থীকে ধরা হয়েছে। তাঁরও বাড়ি নদীয়া জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ, সোমবার আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ভুয়ো পরীক্ষার্থীর নাম নিশিকান্ত বিশ্বাস। অন্যজনের নাম সুখেন ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল। হুগলির চুঁচুড়ায় ছিল ১১টি পরীক্ষাকেন্দ্র। মোট ৩,৭৫০ জন পরীক্ষার্থী চুঁচুড়ার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শুরুর মুখেই চুঁচুড়ার গড়বাটি স্কুলের পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থীকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। নদীয়ার নিশিকান্ত বিশ্বাস, অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তাঁর নথিপত্রে অসঙ্গতি নজরে পড়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টাকার বিনিময়ে নিশিকান্ত অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। ধৃতকে আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওই ঘটনার পরপরই চুঁচুড়ার চকবাজারের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এক পরীক্ষার্থীকে আটক করেন পরীক্ষকরা। অভিযোগ, নদীয়ার বাসিন্দা সুখেন ঘোষ নামের ওই যুবক পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকেছিলেন। তিনি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান। কিন্তু পরীক্ষকদের কড়া নজরের কারণে ধরা পড়ে যান। দু’জনকেই গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃতরা কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।



