তারকেশ্বর-চকদিঘি রোডে বেআইনি পার্কিংয়ের দাপট, নির্বিকার প্রশাসন
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর-চকদিঘি রোডে বেআইনি পার্কিংয়ের জেরে দুর্ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। তা থেকেও শিক্ষা নেয়নি প্রশাসন। সেই চার লেনের রাস্তায় এখনও অবাধে চলছে বেআইনি পার্কিং। রাস্তার দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকে লরি, অপ্রশস্ত হয়ে পড়ে রাস্তা। যে কারণে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। 

Advertisement

বারবার এ নিয়ে অভিযোগ উঠলেও প্রশাসনের এ নিয়ে হেলদোল নেই। বেআইনি পার্কিং নিয়ে কথা উঠতেই এ বিষয়ে ক্ষোভের কথা জানালেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘ কয়েক বছর বেহাল থাকার পর নতুন করে তৈরি হয়েছে তারকেশ্বর-চকদিঘি চার লেনের রাস্তা। তারকেশ্বরের সুকান্তপল্লি থেকে জয়কৃষ্ণ বাজার পর্যন্ত রাস্তার ধারে সৌন্দর্যায়ন এবং ডিভাইডারে আলোর ব্যবস্থা এলাকার চিত্র বদলে দিয়েছে। যান চলাচলও অনেকটা সহজ হয়েছে। কিন্তু ওই রাস্তার চাউলপট্টি এলাকায় দু’পাশে কখনও লরি, কখনও টুরিস্ট বাসের বেআইনি পার্কিং সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘক্ষণ ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় চালকদের দৃশ্যমানতা কমে যাচ্ছে। বিভিন্ন গাড়িকে বিপজ্জনকভাবে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। ২০২৪ সালের প্রাণঘাতী দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। বেআইনি পার্কিং ও রাস্তার ধারে ব্যবসায়ীরা দোকানের মালপত্র রাখায় ওই রাস্তা অপরিসর হয়ে পড়েছিল। তার জেরেই দুর্ঘটনা। মৃত্যু হয়েছিল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকার মহিষগড়িয়ার বাসিন্দা অমর কাঞ্জিলালের। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা সেই সময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এরপর নিয়মমাফিক অভিযান চালিয়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কিছুটা কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার যে কে সেই অবস্থা।
স্থানীয়দের বক্তব্য, শুধু আশ্বাস নয়, অবিলম্বে বেআইনি পার্কিং বন্ধে কঠোর পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। লরি ও বাসের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। নিয়মিত পুলিশি নজরদারি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।  নিজস্ব চিত্র