Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের পকসো আদালতের কাঠগড়ায় নকল আসামী! কারণ দর্শানোর নির্দেশ স্পেশাল জজের

ঘাটালের পকসো আদালতে নকল আসামীকে হাজির করার গুরুতর অভিযোগ। আইনজীবীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত পড়ুন।

ঘাটালের পকসো আদালতের কাঠগড়ায় নকল আসামী! কারণ দর্শানোর নির্দেশ স্পেশাল জজের
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: কাঠগড়ায় নকল আসামী! আইনজীবীর কাছে লিখিত জবাব তলব করল ঘাটালের পকসো আদালত। প্রকৃত আসামির পরিবর্তে অন্য এক ব্যক্তিকে ‘নকল আসামী’ হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়ে জামিনের ব্যবস্থা করার গুরুতর অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনায় আসামী পক্ষের আইনজীবী বরুণকুমার শাসমলকে আজ শুক্রবারের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ঘাটাল মহকুমার পকসোর স্পেশাল আদালত। ওই আদালতের স্পেশাল জজ ময়ূখ মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী দিলীপ দাস। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই আদালত চত্বরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার প্রকৃত আসামীর নাম ইসলাম খান। তার বাড়ি দাসপুর থানার  নিমতলা গ্রামে। সে কর্মসূত্রে বর্তমানে সৌদি আরবে থাকে। কিন্তু ওই ব্যক্তির বদলে গড়বেতা থানার উদয়শাই গ্রামের বাসিন্দা সাবির আলি খান নামের অন্য এক ব্যক্তি ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে। সে নিজেকে ইসলাম খান হিসেবে পরিচয় দিয়ে একটি আগাম জামিনের নির্দেশের ভিত্তিতে জামিনও পেয়ে যায়। এই জালিয়াতির বিষয়টি প্রথম আদালতের নজরে আনেন মূল অভিযোগকারী। তাঁর অভিযোগের ভিত্তিতে আদালত দাসপুর থানার ওসিকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।পুলিশের সেই তদন্ত রিপোর্টে গোটা জালিয়াতির বিষয়টি সামনে আসে। ২৪ মার্চ জমা দেওয়া ওই রিপোর্টে পুলিশ জানায়, প্রকৃত অভিযুক্ত ইসলাম খান গত ২০ জানুয়ারি সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে নামলেও, তাকে সেখান থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর ৪ ফেব্রুয়ারি সৌদিতে ফিরে যায়। অর্থাৎ, সে কখনোই আদালতে সশরীরে হাজিরা দেয়নি এবং জামিনও পায়নি। এরপরেই বৃহস্পতিবার আদালতে ওই নকল আসামীর শুনানি চলাকালীন পুরো জালিয়াতি পরিষ্কার হয়ে যায়। 
সবদিক খতিয়ে দেখে স্পেশাল আদালত অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সাবির আলি খান ভারতীয় ন্যায় সংহিতার ২৪২ নম্বর ধারায় অপরাধ করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে আদালত। তাই তাকে অবিলম্বে হেপাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৭৯ ধারায় অভিযোগ দায়ের করার জন্য ঘাটালের এসিজেএম আদালতে অভিযোগপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কোন পরিস্থিতিতে এবং কী কারণে আইনজীবী বরুণকুমার শাসমল এই নকল আসামীকে প্রকৃত ইসলাম খান হিসেবে আদালতে পেশ করলেন এবং জামিনের আবেদন করলেন, তা আজকের মধ্যে লিখিত আকারে জানানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বরুণবাবু জানিয়েছেন, তিনি আদালতের নির্দেশে আজকেই লিখিত ব্যাখ্যা দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ