আই ব্যাংক বন্ধ উত্তরবঙ্গ মেডিকেলে! চালু হবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, নিরবিচ্ছিন্ন পরিষেবা নিয়ে সংশয়
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: দীর্ঘ ৫৬ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে এসে পৌঁছছে হার্ট-লাং মেশিন। কিছুদিনের মধ্যেই একসঙ্গে দু’টি ক্যাথল্যাব আসতে চলেছে। সবকিছু পরিকল্পনা মাফিক হলে আগামী মার্চ থেকেই হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এতে উত্তরবঙ্গের বহু দরিদ্র রোগীকে হৃদরোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য আর বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হবে না। 

Advertisement

কিন্তু নতুন পরিষেবা ঘিরে যখন আশার আলো দেখছে উত্তরবঙ্গ, তখনই কর্ণিয়া গ্রাফটিংয়ের অভিজ্ঞতা নতুন করে সংশয় তৈরি করছে। কারণ এই হাসপাতালেই ঢাকঢোল পিটিয়ে চালু হওয়া সরকারি আই ব্যাংক ও কর্নিয়া গ্রাফটিং পরিষেবা মুখ থুবড়ে পড়ে রয়েছে।
২০২৪ সালের ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের প্রথম সরকারি আই ব্যাংক ও কর্নিয়া গ্রাফটিং পরিষেবা চালু হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেলে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা চালুর ফলে দৃষ্টিহীন বহু গরিব মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু কিছুদিন পরিষেবা চলার পরই তা বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকলেও কর্নিয়া সংগ্রহ ও প্রতিস্থাপনের কাজ বন্ধ। 
অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মীর ব্যবস্থা না করেই তড়িঘড়ি এই পরিষেবা চালু করা হয়েছিল। জাতীয় অন্ধত্ব নিবারণ প্রকল্পের নিয়ম অনুযায়ী, মরণোত্তর কর্নিয়া দানে পরিবারকে বোঝানো ও সম্মতি আদায়ের জন্য কাউন্সিলর নিয়োগ জরুরি। কিন্তু সেই নিয়োগ ছাড়াই পরিষেবা শুরু হয়েছিল। নার্সদের একাংশের বক্তব্য, মরণোত্তর চক্ষুদান নিয়ে আগাম সচেতনতা প্রচার না থাকায় রোগীর পরিবারকে হাসপাতালে এসে বোঝাতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকদের একাংশের আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে।
জাতীয় অন্ধত্ব নিবারণ প্রকল্পে জেলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সিএমওএইচ-২ আনোয়ার হোসেন বলেন, দ্রুত কাউন্সিলর নিয়োগের ব্যবস্থা করা হবে। তবে কর্নিয়া গ্রাফটিং কেন বন্ধ, তা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান বলতে পারবেন। চক্ষু বিভাগের প্রধান ডাঃ নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী হাসপাতাল সুপার ছাড়া কেউ বিবৃতি দিতে পারবেন না। হাসপাতাল সুপার কৌশিক ঈশোর বলেন, রাজ্যের নতুন সরকার সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে সচেষ্ট। উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন ক্যাথল্যাব ছিল না। এবার দুটি ক্যাথল্যাব আসছে, হার্ট-লাং মেশিনও পৌঁছে গিয়েছে। ফলে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালুর পথ প্রশস্ত হচ্ছে। একইসঙ্গে আই ব্যাংক ও কর্নিয়া গ্রাফটিং পরিষেবাও ফের চালুর উদ্যোগ নেওয়া হবে। কাউন্সিলর নিয়োগের বিষয়টি স্বাস্থ্যদপ্তরের বিবেচনাধীন।