স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! প্রতিবেশীকে নৃশংস খুন স্বামীর
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক ব্যক্তির। সেই আক্রোশেই ওই প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে, কুপিয়ে খুন করল মহিলার স্বামী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বর্ণবেড়িয়া রাজবংশী পাড়ায়। মৃতের নাম বাসুদেব দাস (৪৩)। তিনি ছিলেন ঝাউডাঙা পঞ্চায়েতের নোড়াদহ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ রাজবংশী পাড়ার বাসিন্দা অভিযুক্ত নাড়ুগোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। সূত্রের দাবি, নাড়ুগোপাল স্ত্রীকে সন্দেহ করত। প্রায়ই স্ত্রী ও বাসুদেবকে চাষের জমিতে গল্প করতে দেখা যেত। এ নিয়ে এলাকায় রটনাও রটেছিল। এ নিয়ে নাড়ুগোপোলের বাড়িতে প্রায়ই অশান্তি হত বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন বেলা ১২টা নাগাদ নিজের জমিতে কাজ করছিলেন বাসুদেব। ওই জমিতে জবা গাছ লাগিয়েছিলেন তিনি। পাশেই ধান খেত। ওই খেতের পাশে শ্যালো মেশিন রয়েছে। জানা গিয়েছে, নাড়ুগোপাল ওই মেশিনের কাছে ডেকে নিয়ে যায় বাসুদেবকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে বাসুদেবের। ঘটনার পর নিজেই পুলিশকে ফোন করে খুনের কথা জানায় নাড়ুগোপাল। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পরে মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এলাকায় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন বাদুদেব দাস। তাঁর স্ত্রী দীপা দাস স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। এদিন সকালে বাসুদেব জবা গাছের গোড়া পরিষ্কার করতে জমিতে গিয়েছিলেন। বেলা ১২টা নাগাদ বাড়ির লোকজন জানতে পারেন, তাঁকে খুন করা হয়েছে। দীপাদেবী বলেন, ‘স্বামীর কাছ থেকে নাড়ুগোপাল ও তার স্ত্রী বেশ কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকা পরিশোধ করছিল না। অনুমান, সেই টাকা নিয়ে বিবাদের কারণেই নাড়ু ও তাঁর স্ত্রী মিলে আমার স্বামীকে খুন করেছে।’ সূত্রের দাবি, নাড়ুর স্ত্রীর সঙ্গে বাসুদেবের বিবাহ বহির্ভূত সম্পর্কই এই ঘটনার নেপথ্য কাহিনি। স্বামী তা মেনে নিতে না পেরে স্ত্রীর প্রেমিককে সম্ভবত খুন করেছে। বাসুদেবের স্ত্রী বলেন, আমি দোষীদের শাস্তি চাই।

Advertisement