নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি ইস্যুতে দলীয় বিধায়কদের ফের একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ এক সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, ‘অনেক বিধায়ক নিজের এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি করছেন। ঘনিষ্ঠদের কাউন্সিলার বা কো-অর্ডিনেটর পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখচ্ছেন। এসব গোষ্ঠীর মাধ্যমে টাকা তোলার মারাত্মক অভিযোগ আসছে। পাশাপাশি, প্রাক্তন তৃণমূল নেতা কিংবা জনপ্রতিনিধিদের সঙ্গে রফা করে বিজেপিতে যোগদানের রাস্তা প্রশস্ত করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আর্থিক লেনদেনের খবর আসছে।’ যদিও আনুষ্ঠানিকভাবে দলবদল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে রয়েছে। তার মাঝেই এই কারবার মাথাচাড়া দিচ্ছে বলে এদিনের বৈঠকে উঠে আসে। শমীকবাবুর বার্তা, ‘তোলাবাজি এক সামাজিক ব্যাধি। তা আমাদের দূর করতে হবে।’
আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ দিন ধরে ‘সেবা দূত’ কর্মসূচি শুরু হচ্ছে। দলের কর্মসূচির সফল বাস্তবায়ন করতে ব্লক, শক্তিকেন্দ্র ও মণ্ডল পর্যায়ে পার্টির নেতা-কর্মীদের পৌঁছানোর নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। বাংলা থেকে রাজ্যসভার সদস্য শমীক বলেন, ‘সেবা দূত কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ২৫ দিন ধরে দূরবর্তী এলাকায় পড়ে থেকে ডবল ইঞ্জিন সরকারের থেকে মানুষের চাহিদা ও দাবিসমূহ সম্পর্কে বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে হবে।’ বিধায়ক ও নেতাদের সতর্ক করে তিনি জানিয়ে দেন, দল সবার কার্যকলাপের উপর কড়া নজর রাখছে। দল কিংবা সংগঠনকে এড়িয়ে যদি কেউ অনৈতিক কাজে যুক্ত থাকে, তার বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হব না।’
উল্লেখ্য, বাংলায় ক্ষমতা পরিবর্তনের পর থেকেই গেরুয়া শিবিরে নানারকমের ‘অসুখ’ ধরা পড়ছে। যদিও বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে পদ্ম শিবির একগুচ্ছ গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে দাবি করেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় কাটমানি-সিন্ডিকেটরাজ-তোলাবাজি বন্ধ হবে। যদিও গত ছ’মাসে রাজ্যবাসীর বাস্তব অভিজ্ঞতা ভিন্ন কথা বলছে। সব মিলিয়ে গেরুয়া অক্ষের নেতা-জনপ্রতিনিধিদের শৃঙ্খলার বাঁধনে বাঁধতে রীতিমতো হিমশিম খাচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত কয়েকমাসে রাজ্যের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসাল কড়া ব্যবস্থা নেওয়ার দাওয়াই দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য অতীতে একই লাইনে শাস্তির ভয় দেখালেও কাজ হয়নি। এদিনের বার্তার পর পরিস্থিতি বদলায় কি না, সেটাই এখন দেখার।



