নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার তৃণমূল আমলে জেলের মধ্যেও তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ পূর্বতন সরকারের আমলে এক একটি জেল থেকে মাসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত তোলা উঠত বলে অভিযোগ। তৎকালীন তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রী থেকে শুরু করে জেলের আধিকারিক, কর্মীরা এই তোলাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। মালদহের বাসিন্দা ওই মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, জেলের মধ্যে একটু ভালো খাবার পেতে বা ঘুমোনোর জন্যে দিতে হয় মাসে ৬ থেকে ১০ হাজার টাকা। বাড়তি সুবিধা নিতে হলে আরও অনেক বেশি টাকা দিতে হত। যেমন টাকা, তেমন তেমন পরিষেবা পৌঁছে যেত! এমনকি হাতের কাছে পৌঁছে যেত নেশার সামগ্রীও। আদালত বিষয়টি নিয়ে নিরপেক্ষতা তদন্তের নির্দেশ দিক। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।



