সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী এইমস-এ চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর বচসা ও হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল গয়েশপুরে। ঘটনায় একাধিক বিজেপি মহিলা কর্মী জখম হয়েছেন। সোমবার গয়েশপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক বিজেপি মহিলা কর্মী বিথীকা গুহঠাকুরতা ও তাঁর স্বামী মধুসূদন গুহঠাকুরতার বিরুদ্ধে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই বিষয়ে খোঁজ নিতে সোমবার মহিলা কর্মীর বাড়ি যান বিজেপির এক মহিলা নেত্রী এবং তাঁর অনুগামীরা। সেখানে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন মহিলা কর্মী আহত হন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগের সত্যতা এবং হাতাহাতির ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। রাত পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। বিথীকা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। চাকরি দেওয়ার জন্য কারও টাকা নিইনি। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এইসব করছে। আমাকে ৫০ জন মহিলা মিলে মারার সময় আমার ছেলে প্রতিবাদ করেছে। আমি মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওরা মারখাওয়ার নাটক করছে। অন্যদিকে, গয়েশপুর টাউন বিজেপির মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল বলেন, মধুসূদন গুহ ঠাকুরতার বিরুদ্ধে আমার কাছে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ করেন কয়েকজন। এই লিস্টে আরও রাঘববোয়াল রয়েছে। তাদের নাম বললে হয়ত আমার পদ চলে যাবে। এতে ওঁর স্ত্রী মধ্যস্থতার কাজ করেছে। তারা সকলেই বিজেপি করে। এদিন কয়েকজন মহিলা মোর্চার কার্যকর্তা তাদের বাড়িতে গিয়ে শান্ত পরিবেশে কথা বলে টাকা ফেরত দেওয়ার কথা বলতে যান। কিন্তু তারা হঠাৎ করেই লাঠি নিয়ে তাদের মারধর করে। পাঁচ মহিলা আহত হয়েছেন।