নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সিন্ডিকেট, দাদাগিরি ও তোলাবাজি রুখতে বারে বারে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে সরকারের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে ‘ভয় আউট, ভরসা ইন’ বার্তার মধ্যেই খোদ হাওড়া থানার সামনে মঙ্গলাহাটে ফের মাথাচাড়া দিয়েছে তোলাবাজির অভিযোগ। গত দু’মাস ধরে অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে নানা অছিলায় কখনও ৫০ টাকা, কখনও ১০০ টাকা, কখনও আবার ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ। হয় প্রশাসনের নাম করে, না হয় বিজেপির নাম ভাঙিয়ে চলছে এই তোলা আদায়। একদিকে ফুটপাতে বসে দোকানদারির ক্ষেত্রে বিধিনিষেধ, অন্যদিকে তোলাবাজদের চাপ— দুইয়ের জাঁতাকলে পড়ে অতিষ্ঠ মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
গত ১১ নভেম্বরের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকজনকে টাকা তুলতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ৮-১০ জনের একটি দল হাটের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে টাকা আদায় করছে। ব্যবসায়ীদের অভিযোগ, সকাল ৭টার পর দোকান খোলা রাখা যাবে না বলে প্রশাসনের নির্দেশের দোহাই দিয়ে তারা দোকানে দোকানে হাজির হচ্ছে। দোকান গোটাতে একটু দেরি হলেই টাকা দাবি করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এই ছবি নতুন নয়। আগে তৃণমূল আমলেও একই দল স্থানীয় নেতৃত্বের মদতে টাকা তুলত। তৎকালীন কাউন্সিলার তোলাবাজি বন্ধে পুলিশ কমিশনারকে চিঠি দিলেও লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে পালাবদলের পর এই তোলাবাজি কয়েক মাস বন্ধ ছিল। এখন ফের সক্রিয় হয়েছে চক্রটি। এই দলটির কেউ নদীয়া, কেউ উত্তরপাড়ার বাসিন্দা। সেখান থেকে এসে টাকা তুলছে তারা।
হাওড়া থানা থেকে বঙ্গবাসী মোড় পর্যন্ত নিত্যধন মুখার্জি রোডে সমবায়িকা, মডার্ন, নবীন ও ফ্যান্সি হাটের নীচে বসা ব্যবসায়ীরা মূলত এই সমস্যায় পড়েছেন। ব্যবসায়ী সংগঠনের দাবি, হকার উচ্ছেদের সময় এলাকার ১৯৫ জন অস্থায়ী ব্যবসায়ীকে ফুটপাত ব্যবসায়ীর তকমা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা এবং সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বসার অনুমতি মেলে। তাঁদের সরিয়ে দেওয়ার পর সেখানে টোটো স্ট্যান্ড গজিয়ে ওঠে। বর্তমানে সেখানে আবার একটি বেসরকারি সংস্থাকে পার্কিং জোন পরিচালনার দায়িত্ব দিয়েছে হাওড়া পুরসভা।
মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত বলেন, ‘এমনিতেই ব্যবসায়ীরা চরম সমস্যায় রয়েছেন। তার উপর জোর করে টাকা আদায় হলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েও সুরাহা হয়নি।’ সংগঠনের অভিযোগ, শুধু তোলাবাজি নয়, বিজেপির নাম করে মণ্ডল পর্যায়ের ছোটোখাটো নেতাদের একাংশও চমক ধমক দিচ্ছে ব্যবসায়ীদের। বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি (সদর) গৌরাঙ্গ ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তোলাবাজি কখনই দল বরদাস্ত করে না। বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা হতে পারে। তবে ঘটনা সত্যি হলে এবং এর সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তার নাম যদি জড়িয়ে থাকে, তাহলে ব্যবসায়ীদের বলব, আমাকে অভিযোগ জানান। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’



