তোলাবাজি: সিভিক ভলান্টিয়ার  ও পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার, ব্যবসায়ীর থেকে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় সংবাদ পোর্টালের এক সাংবাদিককে। ধৃতদের নাম তন্ময় ঘোষ ও অনির্বাণ ঘোষ। শনিবার রাতে জগাছা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামরাজাতলা স্টেশনের কাছে রেললাইনের পাশের জমিতে একটি গ্যারাজ চালান অভিযোগকারী ব্যবসায়ী। তাঁকে ভয় দেখিয়ে তন্ময় ও অনির্বাণ ৩০ হাজার টাকা তোলা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ। তন্ময় সিভিক ভলান্টিয়ার, সে জগাছা থানার অধীনে কর্মরত। অন্যদিকে, অনির্বাণ একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ইতিমধ্যেই তাঁদের ২০ হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকা অনলাইন পেমেন্ট করেছেন। এরপর আরও টাকা চেয়ে হুমকি দেওয়া হলে শনিবার জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করেছে হাওড়া সিটি পুলিশ। কারও বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে ভয় না পেয়ে দ্রুত স্থানীয় থানায় অথবা হাওড়া সিটি পুলিশকে জানাতে বলা হয়েছে।