Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙার উত্তর পচাগড় গ্রামে সুটুঙ্গা নদীতে ব্যাপক ভাঙন

মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে উত্তর পচাগড় গ্রামে সুটুঙ্গা নদীর ভাঙনে দিশাহারা বাসিন্দারা।

মাথাভাঙার উত্তর পচাগড় গ্রামে সুটুঙ্গা নদীতে ব্যাপক ভাঙন
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে উত্তর পচাগড় গ্রামে সুটুঙ্গা নদীর ভাঙনে দিশাহারা বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সেচদপ্তরকে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যে বাঁধের একটি অংশ ভেঙে গিয়েছে। অপরদিকে, আরও দু’টি অংশ ভাঙার উপক্রম হয়েছে। মাথাভাঙা শহর সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড লাগোয়া বেশকিছু চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। ওই জায়গায় দীর্ঘদিন ধরে পাড়বাঁধের দাবি জানানো হলেও কাজ হয়নি। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, শুধু সেচদপ্তর নয় এনিয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও সেচদপ্তর জানিয়েছে, এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা আইনুল মিয়াঁ, সাহিন আলম বলেন, ভইসখাওয়া ঘাটের কাছে দু’টি জায়গায় সেচদপ্তরের বালির বস্তা দেওয়া বাঁধ ভেঙে গিয়েছে। প্রবল বৃষ্টিতে এখন জমিতে প্রচুর জল জমে রয়েছে। সেই জল নদীতে নামার সময়ে বাঁধের একাংশ ভেঙে যাচ্ছে। আমরা অনেকবার বলেছি, বিষয়টি দেখা হোক। কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। একইসঙ্গে শহর সংলগ্ন এলাকার বেশকিছু জমি ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সেই জায়গায় বাঁধের দাবি জানানো হলেও কাজ হয়নি। 
পচাগড় গ্রাম পঞ্চায়েত উপ প্রধান কল্যাণী রায় বলেন, স্থানীয় বাসিন্দারা সেচদপ্তরের বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। আমরা এ ব্যাপারে সেচদপ্তর ও বিডিও’কে জানিয়েছি। কৃষিজমি রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে, সেচদপ্তরের মাথাভাঙা মহকমা বস্তুকার শ্রীবাস ঘোষ বলেন, উত্তর পচাগড়ের ভইসখাওয়ায় বাঁধ ধসে যাওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। পাশ্ববর্তী এলাকারও ভাঙন সমস্যা খতিয়ে দেখা হবে। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের। 
যদিও স্থানীয় বাসিন্দারা চাইছেন আশ্বাস নয়, বাঁধ মেরামত ও ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিক সেচদপ্তর।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ