Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আনসেলোত্তিতে বিশেষ আস্থা অভিজ্ঞ কাসেমিরোর

পর্তুগিজে ‘জোগা বোনিতো’ মানে সুন্দর ফুটবল। সবুজ মাঠে যেন ফুটে ওঠে স্কিলের বিচ্ছুরণ।

আনসেলোত্তিতে বিশেষ আস্থা অভিজ্ঞ কাসেমিরোর
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

রিও: পর্তুগিজে ‘জোগা বোনিতো’ মানে সুন্দর ফুটবল। সবুজ মাঠে যেন ফুটে ওঠে স্কিলের বিচ্ছুরণ। দশকের পর দশক গোটা বিশ্বকে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। হলুদ-সবুজ জার্সি মাঠে নামা মানেই চোখের তৃপ্তি, মনের আরাম। পাওয়ার ফুটবলের দুর্দান্ত দাপটের মাঝেও নিজেদের আলাদা করে রেখেছে ব্রাজিল। সেলেকাওদের ফুটবল স্রেফ অজানা রহস্য হয়েই থেকেছে। মারিও জাগালো, সালদানা, ফালকাও, তেলে সান্তানা, আলবার্তো পেরেরার মতো বিদগ্ধ কোচের হাতেই বেশিরভাগ ক্ষেত্রে দলের দায়িত্ব তুলে দিয়েছেন ব্রাজিল ফুটবলের কর্তারা। তাঁরাই সেরা। অন্য দেশের কোচকে দায়িত্ব দেওয়া আদতে সাম্বা ফুটবলের অহংবোধে বিশাল ধাক্কা। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই সোনালি অতীত স্রেফ গল্পগাথা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে স্কোলারির দলকে ৭-১ গোলে চূর্ণ করে জার্মানি। সাম্বা ফুটবলের কাচের ঘর ভেঙে পড়েছিল ঝনঝনিয়ে। সামগ্রিক হতাশা আজও বয়ে চলেছে ব্রাজিল। এমনকী, পরবর্তী বিশ্বকাপের টিকিটও এখনও অনিশ্চিত। বাধ্য হয়েই কিংবদন্তি কোচ কার্লো আনসেলোত্তিকে দায়িত্ব দিয়েছে পেলের দেশ। ৬৫ বছরের ইতালিয়ান ক্লাব ফুটবলে চরম সফল। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন কার্লেত্তি। আগামী ২৬ মে ব্রাজিল কোচের হটসিটে বসবেন তিনি। আনসেলোত্তি কী ম্যাজিক দেখাতে পারবেন? কঠিন সময়ে প্রাক্তন ছাত্র কাসেমিরো গুরুর পাশেই দাঁড়াচ্ছেন। প্রায় এক দশকের রিয়াল জমানায় (২০১৩-২০২২) মাঝমাঠের ইঞ্জিন ছিলেন এই ব্রাজিলিয়ান। কার্লোকে চেনেন হাতের তালুর মতো। কাসেমিরোর মন্তব্য, ‘আনসেলোত্তিকে দায়িত্ব দেওয়া অসাধারণ সিদ্ধান্ত। এই মুহূর্তে ব্রাজিল দলের কোচের পদে ওঁর মতো ব্যক্তিত্বই সবচেয়ে বেশি প্রয়োজন। ব্রাজিল ফুটবলকে সাফল্য উনি এনে দিতে পারবেন বলেই মনে হয়।’

Advertisement

ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনসেলোত্তির কোচিং কেরিয়ারে হয়তো সবচেয়ে বড় পরীক্ষা। হাতে সময় কম। তাবড় ব্রাজিলিয়ান ফুটবল বোদ্ধা ল্যাপটপ নিয়ে তৈরি। ঠিকঠাক প্রস্তুতির আগেই অ্যাসিড টেস্ট হাজির। বিশ্বকাপের বাছাই পর্বে ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। পাঁচদিন পরেই প্যারাগুয়ের মুখোমুখি হবেন রাফিনহারা। তার উপর ঠিক ১৩ মাস দূরে বিশ্বকাপ। প্রশ্ন উঠছে ঠিকঠাক ড্রেসিং-রুম চেনার সুযোগটুকুও কী পাবেন বিগ বস? এক্ষেত্রে কাসেমিরোর উত্তর, ‘কার্লো অভিজ্ঞ কোচ। আমি নিশ্চিত, দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন। ওঁর উপর ভরসা রাখাই যায়।’ পাশাপাশি জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়েও আশাবাদী মিডফিল্ড জেনারেল। মাঝমাঠ গোছাতে ফের কি পুরনো ঘোড়াতেই আস্থা রাখবেন আনসেলোত্তি?

Advertisement
সম্পর্কিত সংবাদ