নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুদ্রণ শিল্পের পরিবর্তন এবং পত্র‑পত্রিকার প্রচ্ছদের বিবর্তন নিয়ে শুরু হল তিনদিনের প্রদর্শনী। উত্তর কলকাতার বিডন স্ট্রিটে ছাতুবাবু‑লাটুবাবু বাড়ির ঠাকুরদালানে শুক্রবার শুরু হয়েছে প্রদর্শনীটি। চলবে রবিবার পর্যন্ত। প্রতিদিন সেখানে এই বিষয়ের নানা দিক নিয়ে আলোকপাত করবেন গবেষক ও বিশিষ্টজনেরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শুক্রবার আসেন প্রদর্শনী দেখতে। প্রাচীন দুর্গাদালান, মায়াবি আলোর ঝাড়বাতির তলায় চলা প্রদর্শনী আলাদা মাত্রা পেয়েছে। শিল্পী অরণ্য সেনগুপ্তের উদ্যোগে হওয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মুদ্রণ শিল্পের পরিবর্তন নিয়ে কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ। তার সঙ্গে ছাপার পুরানো যন্ত্রপাতি। এছাড়া এই সমস্ত দুষ্প্রাপ্য বিষয় নিয়ে অরণ্যবাবুর লেখা ‘জলগোধিকা’ বইটিও এই প্রদর্শনীতে স্থান পায়। সেই বইতে স্থান পেয়েছে‑লিথো, কাঠখোদাইও দস্তার ব্লকে ছাপা একাধিক ছবি। যা এককথায় অবশ্যই ‘ইতিহাসের দলিল’ বলা যেতে পারে।



