Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা ছুটির অজুহাত! ফেরাল হৃদরোগে আক্রান্তকে

টানা ছুটির অজুহাত! ফেরাল হৃদরোগে আক্রান্তকে
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুকে ব্যথা নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার চিকিৎসার জন্য আসেন খণ্ডঘোষের সাধন বাগ। বিভিন্ন পরীক্ষার পর জানা যায় তাঁর হার্টে ব্লক রয়েছে। পরিবারের দাবি, বিষয়টি জানার পরই দায়িত্বে থাকা স্টাফরা জানান ‘রবিবার ছুটি। ডাক্তার নেই। সোমবারও ডাক্তার থাকবেন না। আপনারা রোগী কলকাতায় নিয়ে যান। এখানে চিকিৎসা হবে না। শুধু স্যালাইন চলবে।’ তাতে বিপাকে পড়ে যান পরিবারের লোকজন। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাইরে নার্সিংহোমে চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা ছিল না। ওই রোগীর আত্মীয় মহাদেব রায় বলেন, হাসপাতালে চিকিৎসা হবে না বলে জানানোর পর তাঁকে নিয়ে নবাবহাটের একটি বেসরকারি হাসপাতালে যাই। সেখানে বলা হয় একটা ইঞ্জেকশন দিতে হবে। তার জন্য ৯০হাজার টাকা দরকার। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তাতে নাম ভুল রয়েছে। ছুটির দিন থাকায় তা সংশোধন করা যায়নি। নগদ টাকা ছাড়া ইনজেকশন দেওয়া যাবে না বলে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়। বাধ্য হয়ে তাঁকে বাড়িতে নিয়ে চলে আসি। বাড়িতে তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। অবশেষে পাড়ার লোকজনদের সহযোগিতায় আবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ফের বলা হয় এখানে এই রোগীর চিকিৎসা হবে না। তারপরও অন্য কোনও উপায় না থাকায় সেখা঩নেই ভর্তি রাখি। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হার্ট সংক্রান্ত কোনও সমস্যা থাকলে রোগীদের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু এক্ষেত্রে কেন তেমনটা হল না তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই রোগীর আত্মীয়রা বলেন, ছুটির দিনে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক নেই বলে জানানো হয়। সেই কারণেই সেখানে রেফার করা হয়নি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, এধরনের ঘটনা হওয়ার কথা নয়। হাসপাতাল থেকে ফেরানো হয় না। এক্ষেত্রে কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি।
রোগীর আত্মীয়দের দাবি, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নতি হয়েছে। ডাক্তারের সংখ্যাও কম নেই। কিন্তু টানা ছুটি পড়লেই সমস্যা হয়। তার ফায়দা তোলে দালালরা। তারা হাসপাতাল থেকে রোগীদের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সমস্যায় পড়েন রোগীর পরিবারের লোকজন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা হয়। সম্প্রতি বেশ কয়েকটি জটিল অপারেশন হয়েছে। এমনকী অভয়াকাণ্ডের সময় বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা তৈরি হলেও বর্ধমানে তা হয়নি। এক্ষেত্রে কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি। কিছু কর্মী অসহযোগিতা করে থাকতে পারেন। ওই রোগীর আত্মীয়রা বলেন, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে হার্টের চিকিৎসায় জোর দেওয়া হয়েছে। কিন্তু তারপরও জেলার রোগীরা কেন পরিষেবা পাচ্ছেন না?

Advertisement
সম্পর্কিত সংবাদ