Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উচ্ছ্বসিত তেন্ডুলকর, কোহলিরা, পয়া জ্যাকেটে মাঠে সানি

সোশ্যাল মিডিয়ায় শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি থেকে বিরাট কোহলি— প্রত্যেকের পোস্টেই তা স্পষ্ট।

উচ্ছ্বসিত তেন্ডুলকর, কোহলিরা, পয়া জ্যাকেটে মাঠে সানি
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ওভালের টেস্ট জয় নিয়ে উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ায় শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি থেকে বিরাট কোহলি— প্রত্যেকের পোস্টেই তা স্পষ্ট। শুভমান গিলের বাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। 

Advertisement

‘মাস্টার ব্লাস্টার’ শচীন যেমন লিখেছেন, ‘এখনও গায়ে কাঁটা দিচ্ছে। সিরিজ ২-২। ভারতের পারফরম্যান্স দশে দশ। সবাইকে সুপারম্যান মনে হল। অবিশ্বাস্য জয়!’ সৌরভের মতে,‘ফ্যান্টাস্টিক উইন। দলের প্রত্যেককে অভিনন্দন। সিরাজ নিংড়ে দিল নিজেকে। ওয়েল ডান প্রসিদ্ধ, আকাশদীপ, যশস্বী। সিরিজ জুড়ে জাদেজা, ওয়াশিংটন, পন্থও দুর্দান্ত খেলেছে।’ একই সুরে গলা মিলিয়েছেন কোহলিও, ‘দুর্দান্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিজ্ঞাবদ্ধ সিরাজ-প্রসিদ্ধই জেতাল। বিশেষ করে প্রশংসা প্রাপ্য সিরাজের। ওর জন্য দারুণ খুশি।’ ২০২১ সালের গাব্বা টেস্টের মতো এদিন সাদা জ্যাকেট পরে মাঠে এসেছিলেন সুনীল গাভাসকর। ভারতের জয়ের মুহূর্তে কিংবদন্তি ওপেনার বলেন, ‘লাকি জ্যাকেট পরেছি। শুভমানকে বলেছিলাম যে এটাই পরব। এটা গাব্বার থেকেও বড় জয়।’ চোটের জন্য এই টেস্টে খেলতে না পারা ঋষভ পন্থ আবার গণমাধ্যমে লেখেন, ‘আমাদের দল যেভাবে শেষ পর্যন্ত লড়ে গিয়েছে, তার জন্য গর্বিত। এই দল সাফল্যের জন্য ক্ষুধার্ত। আমরা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সঙ্কল্পবদ্ধ।’ ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের মতে, ‘কঠিন পরিস্থিতিতেও সবাইকে লড়তে দেখে দারুণ লাগল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ