সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার ভোররাতে উলুবেড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৮ লক্ষ টাকার বেআইনি চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর। এদিন ভোর সাড়ে ৪টে থেকে উলুবেড়িয়া রেঞ্জের ডেপুটি কমিশনার অরুণকুমার হাজরার নেতৃত্বে হীরাপুর ধুলাসিমলা বোয়ালিয়া এলাকায় অভিযান চালায় দপ্তর। উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ, যার বাজার মূল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা। পরে দপ্তর ওই চোলাই মদ নষ্ট করে দেয়। অভিযানে ১টি স্কুটার, ১টি হাঁড়ি এবং ১টি পাম্প সেট উদ্ধার করা হয়। দপ্তরের কর্তাদের বক্তব্য, বেআইনি চোলাই কারবারের সঙ্গে যুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর, ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা জুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। তাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অশান্তি তৈরি করতে পারেন, এমন আশঙ্কা থেকে সতর্কতা হিসাবে ৯৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। অভিযানে ২৩০৭ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে ও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৬৩৯২ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। ১২টি মামলা রুজু করে ৯ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। আর বিভিন্ন জুয়ার ঠেক থেকে ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫২ হাজার ৫৭৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগে ৩৭৬১টি আইনি প্রক্রিয়া করা হয়েছে। নিজস্ব চিত্র



