ভাড়াটে খুনি দিয়ে প্রাক্তন স্ত্রী’র বর্তমান স্বামীকে খুন, দুর্গানগরে চাঞ্চল্য
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভাড়াটে খুনি দিয়ে মদ্যপানের আসরে প্রাক্তন স্ত্রী’র বর্তমান স্বামীকে খুন করানোর অভিযোগ উঠল দুর্গানগরের এক ব্যক্তির বিরুদ্ধে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কমল মণ্ডল ( ৩১)। ইতিমধ্যে বারাসত জিআরপি খুনের পরিকল্পনাকারী বিশ্বজিৎ বারুই সহ তিন জনকে আটক করেছে। রাজু নামে এক ভাড়াটে খুনি পলাতক। তার খোঁজে জিআরপি তল্লাশি চালাচ্ছে। শনিবার মধ্যরাতের ওই ঘটনায় দুর্গানগর চার নম্বর রেলগেট এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রেল পুলিশ ও দমদম থানা সূত্রে জানা গিয়েছে, দুর্গানগর চার নম্বর রেলগেটের বাসিন্দা বিশ্বজিৎ বারুই ও কমল মণ্ডল। তারা একই সঙ্গে শ্রমিকের কাজ করেন। ২০১৩ সালে বিশ্বজিৎ বারুই বিয়ে করেছিল কাকলি বারুইকে। কিন্তু তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। কয়েক বছর আগে তাঁদের মধ্যে আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর কাকলিদেবী ২০২৫ সালে কমল মণ্ডলকে বিয়ে করেন। অভিযোগ, মাঝেমধ্যে বিশ্বজিৎ প্রাক্তন স্ত্রী ও কমলকে হুমকি দিত। কমলকে খুনের পরিকল্পনা সাজায় বিশ্বজিৎ।  পরিচিত বন্ধুদের মাধ্যমে শনিবার সে কমলকে দুর্গানগর চার নম্বর রেলগেট লাগোয়া মদের ঠেকে ডেকে নিয়ে আসে। খুন করার জন্য রাজু সর্দার নামে স্থানীয় একজনকে আগে থেকেই ঠিক করে রেখেছিল। রাত ২টা নাগাদ কমল ও বিশ্বজিতের মধ্যে কাকলিদেবীকে নিয়ে ঝামেলা শুরু হয়। এই নিয়ে হাতাহাতির মধ্যে আচমকাই রাজু ধারালো ছুরি দিয়ে কমলের গলায় পরপর কয়েকটি কোপ মারে। আর্তনাদ করে রেল লাইনের ধারে লুটিয়ে পড়ে কমল। অভিযুক্তরা চম্পট দেয়। খুব ভোরে মৃতদেহ উদ্ধারের পর তল্লাশিতে নেমে দমদম থানার পুলিশ খুনের পরিকল্পনাকারী বিশ্বজিৎ বারুই ও তার দুই সহযোগী ইসমাইল সর্দার ও ইলিয়াস সর্দারকে আটক করে বারাসত জিআরপির হাতে তুলে দেয়।

Advertisement