পালিয়েও শেষরক্ষা হল না, আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেপ্তার নির্মল ঘোষ
  • ১৩ আগস্ট, ২০২৬ ১৩:৪১
Prefer us on Google

কলকাতা, ১৩ আগস্ট: আর জি কর কাণ্ডে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এনিয়ে সোমবার খড়দহ থানায় লিখিত অভিযোগ করেন অভয়ার বাবা। দায়ের হয় এফআইআর। তার ভিত্তিতেই নির্মলকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

Advertisement

আর জি কাণ্ডে শুরু থেকেই বিতর্কে নির্মল ঘোষের ভূমিকা। ময়নাতদন্তের পরে দ্রুততার সঙ্গে অভয়ার দেহ সৎকারে তিনি বিশেষভাবে তৎপর ছিলেন বলে অভিযোগ। এমনকি সে সময় তোয়াক্কা করা হয়নি পরিবারের মতামত। যে কারণে তাঁকে একাধিকবার জেরাও করেছে মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
গত শনিবার আর জি কর কাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এনিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেহ সৎকারের ঘটনার নতুন করে তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে নির্দেশ দেন পুলিশকে। এর পরে সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। তাতে নির্মল সহ তিনজনের নাম ছিল। তার পর থেকে ফেরার ছিলেন অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ফোনও বন্ধ ছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। আজ ওড়িশা থেকে নির্মলকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁকে সড়ক পথে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।