Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজয়গড়ে গুলি কাণ্ডে পাটনায় ধৃত প্রাক্তন প্রেমিক

২০ অক্টোবর কলকাতায় এসেছিল সে। যাদবপুর এলাকাতেই ঘর ভাড়া নিয়েছিল

বিজয়গড়ে গুলি কাণ্ডে পাটনায় ধৃত প্রাক্তন প্রেমিক
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাড়িতে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত রবি ভরদ্বাজকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের পাটনা থেকে গ্রেফতার করল লালবাজার। ২০ অক্টোবর কলকাতায় এসেছিল সে। যাদবপুর এলাকাতেই ঘর ভাড়া নিয়েছিল। গুলি চালানোর ঘটনার আগে অ্যাপ নির্ভর বাইকে চড়ে গোটা বিজয়গড় এলাকা রেকি করেছিল রবি। দেখে নিয়েছিল কোথায় কোথায় সিসি ক্যামেরা নেই। ঘটনার দিন সেই এলাকা দিয়েই প্রাক্তন প্রেমিকার বাড়িতে এসেছিল অভিযুক্ত রবি। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে পুলিশের।

Advertisement

২৭ অক্টোবর বিজগড়ে প্রাক্তন প্রেমিকার বাড়িতে এসে গুলি চালানোর অভিযোগ ওঠে রবির বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তরুণী। তদন্তে নেমে ঘটনায় অভিযুক্ত রবির মোবাইলের টাওয়ার লোকেশন থেকে পুলিশ জানতে পারে, ২০ অক্টোবর থেকে কলকাতাতেই রয়েছে সে। টেকস্যাভি ওই যুবক বিজয়গড়  এলাকার লোকেশন  দেখে নেয়। মোবাইলের সূত্র ধরে জানা যায়, অভিযুক্ত যুবক এক অ্যাপ বাইক  বুক করেছিল। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার বাইকে চড়েই বিজয়গড় ঘুরেছিল রবি। বিজয়গড় ঢোকার কোন কোন রাস্তা রয়েছে, দেখে নেয়। সেই সঙ্গে এই রাস্তাগুলির মধ্যে কোথায় সিসি ক্যামেরা নেই, সেটিও ভালো করে নজর করে।  পাশাপাশি স্থানীয় এক দোকানদারের সঙ্গে আলাপ জমিয়ে তাঁকে ঘরের ব্যবস্থা করে দিতে বলে। সেইমত এক দালাল ওই এলাকায় তাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। বাড়িওয়ালাকে জানিয়েছিল, অফিসের কাজে মাসখানেক কলকাতায় থাকবে। তাই বাড়ি ভাড়া নিচ্ছে। এরজন্য আধারও জমা দিয়েছিল। ঘটনার দিন সে সিসি ক্যামেরা এড়িয়ে বিজয়গড়ে আসে। গুলি চালিয়ে পালানোর সময় একটি ক্যামেরায় তার পিছনের দিকে ছবি ধরা পড়ে। রবির মোবাইল নম্বর তরুণীর কাছ থেকে পান তদন্তকারীরা। তার সূত্র ধরে জানা যায় সে হাওড়া স্টেশনে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে তার টাওয়ার লোকেশন বিহার দেখাচ্ছিল। তদন্তকারীরা বুঝতে পারেন, অভিযুক্ত বিহারে রয়েছে। গোয়েন্দা বিভাগের টিম বিহারে পৌঁছে যায়। বৃহস্পতিবার তার লোকেশন পাওয়া যায় পাটনা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে। সেইমতো বিহার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, গুলি চালানোর পর ট্যাক্সি ধরে হাওড়া স্টেশনে চলে যায় রবি। সেখান থেকে বিহারগামী ট্রেনের জেনারেল কামরায় উঠে পাটনায় নেমে যায়। পুলিশ তার পিছু ধাওয়া করছে বুঝেই সে পালিয়ে বেড়াচ্ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ