নয়াদিল্লি: ভারতে ভোটগ্রহণের জন্য যে ইভিএম ব্যবহার করা হয় তা একেবারে নিরাপদ। কারচুপি করার কোনও সুযোগই নেই। ফের আশ্বস্ত করল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভারতে যে ইভিএম ব্যবহার করা হয়, সেগুলি সরকারি সংস্থা তৈরি করে। তারপর সেগুলির পরীক্ষা করা হয়। ওই যন্ত্রের সঙ্গে ব্লুটুথ বা ইনফ্রারেড যুক্ত করা যায় না। ফলে ইভিএম হ্যাক করা অসম্ভব। ভারতে ইভিএম কারচুপি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিরোধী দলগুলি। একাধিকবার এই নিয়ে অভিযোগ জানিয়েছে তারা। তবে প্রতিবারই নির্বাচন কমিশন ইভিএম কারচুপির কথা উড়িয়ে দিয়েছে। কিন্তু সম্প্রতি ফের ইভিএম হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। নেপথ্যে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি জানান, ইভিএম যে ‘হ্যাক’ করা যেতে পারে, তার প্রমাণ মার্কিন গোয়েন্দা দপ্তর পেয়েছে। কারচুপি এড়াতে ফের ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া ফিরে যাওয়ার পরামর্শও দেন তুলসী। তাঁর এই আশঙ্কা প্রকাশের পর শুক্রবার ভারতেও ফের ইভিএম কারচুপি নিয়ে চর্চা শুরু হয়। মাঠে নামে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তড়িঘড়ি নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ভারতে ইভিএমে ভোটগ্রহণ ব্যবস্থা সুরক্ষিত।



