নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, শনিবার রানিগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানিগঞ্জের খান্দরায় মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার সকালে রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু, রানিগঞ্জে শহরের তৃণমূল সভাপতি জ্যোতি সিং সহ তৃণমূলের নেতাকর্মীরা সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন। সভায় যোগ দেওয়ার জন্য শুক্রবার বিকালেই দুর্গাপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যবসায়ী কবি দত্তর হোটেলেই মুখ্যমন্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার পাশের বিধানসভা পাণ্ডবেশ্বরে সভা করে শিল্পাঞ্চলের নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন দলনেত্রী। নেত্রীকে মঞ্চে বসিয়ে জেলা সভাপতি নরেন্দ্রবনাথ চক্রবর্তী দাবি করেছেন, জেলার ন’টি আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এখন দেখার তৃণমূল কর্মীদের আবেগ তুঙ্গে তুলতে নতুন কী দাওয়াই দেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডল বলেন, একজন পঞ্চায়েত মেম্বার থেকে যাত্রা শুরু করে আজ আমি দলের বিধায়ক পদপ্রার্থী। এটা একমাত্র তৃণমূলেই সম্ভব। আমাদের নেত্রী আমার সমর্থনের সভা করতে আসছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রানিগঞ্জ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বামগড় রানিগঞ্জে তৃণমূল কংগ্রেস ২০১১ সালে প্রথমবার জয়লাভ করে। তবে ২০১৬ সালেই আসনটি সিপিএম পুনরুদ্ধার করে। সিপিএমের শিবরাত্রির সলতে রানিগঞ্জ দখলে দলনেত্রী ২০২১ সালে প্রার্থী করেছিলেন তৎকালীন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে। উনি জয়লাভ করেন। তৃণমূলের হাত ধরে এই আসনে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। শহরে ৩০টির বেশি হাই মাস্ট আলো বসেছে। রানিগঞ্জে এবার ফের প্রার্থী বদল করেছে তৃণমূল। আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পলকে হারাতে মরিয়া তৃণমূল নেত্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে আসানসোল দক্ষিণে প্রার্থী করেছেন। আর রানিগঞ্জ গড় ধরে রাখতে তিনি ভরসা করেছেন অণ্ডালের তৃণমূল ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলকে। তৃণমূলের এই ‘এক্সপেরিমেন্ট’কে সফল করতে ময়দানে নেমেছেন খোদ দলনেত্রী। শুধু এই আসনই নয়, ভোট প্রচারের শুরু থেকেই যেভাবে পশ্চিম বর্ধমানকে গুরুত্ব দিয়ে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী তাতে কর্মীরা উজ্জীবিত। এদিন অণ্ডাল বিমান বন্দর থেকে সড়ক পথে দুর্গাপুর আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’ পাশে তৃণমূল কর্মীরা তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। গত বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে তিনটি আসন জিতেছিল বিজেপি। দুর্গাপুর পশ্চিম তার মধ্যে অন্যতম। সেই আসন উদ্ধারে মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছেন এডিডিএর চেয়ারম্যান দুর্গাপুর চেম্বার অব কর্মাসের প্রাক্তন সভাপতি কবি দত্তকে। প্রার্থীর কাছে থেকে দুর্গাপুরের কর্মীদেরও অক্সিজেন দেন তিনি। তৃণমূল চাইছে এই জেলায় আসন সংখ্যা গতবারের থেকেও বাড়াতে।



