সন্ধের স্যুপ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শীতের সন্ধেয় বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে বসে উষ্ণ স্যুপ খাওয়ার মজাই আলাদা। হালকা বা ঘন যে কোনো স্যুপই হতে পারে শো স্টপার। রেসিপি দিলেন কলকাতার বিখ্যাত চিনা রেস্তরাঁ কিম লিং-এর শেফ সঞ্জয় দত্ত।

Advertisement

চিকেন অ্যাসপারাগাস থিক স্যুপ

ঘন চিকেন স্টকের মধ্যে মুরগির নরম মাংস, সাদা অ্যাসপারাগাস এবং ডিমের সরু ঝুরি এই স্যুপের মূল আকর্ষণ। শীতের রাতে হালকা খাবার হিসেবে জমে যাবে এই পদ।

উপকরণ: বোনলেস চিকেন ব্রেস্ট পিস ৫০ গ্রাম ছোটো ছোটো লম্বা টুকরো করে কাটা, সাদা অ্যাসপারাগাস ৬০ গ্রাম, চিকেন স্টক ৫০০ মিলিলিটার, ডিম ১টি, ডিমের সাদা অংশ  চা চামচ, ময়দা  চা চামচ, কর্নফ্লাওয়ার  চা চামচ, আজিনামোটো সামান্য তবে এটি ঐচ্ছিক, সাদা গোলমরিচ গুঁড়ো  চা চামচ, তেল ১ চা চামচ, নুন স্বাদ মতো, সয়া সস  চা চামচ।

প্রণালী: চিকেনের মধ্যে নুন, সাদা গোলমরিচ গুঁড়ো, ডিমের সাদা অংশ, ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। অন্যদিকে সাদা অ্যাসপারাগাস ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ক্যানের অ্যাসপারাগাস হলে আগে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াই গরম করে এতে  চা চামচ তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন স্যালো ফ্রাই করে নিন। এবার এতে চিকেন স্টক যোগ করে দিন। একটু ফুটে উঠলে ছোটো টুকরো করে রাখা অ্যাসপারাগাস যোগ করুন। ফের কিছুক্ষণ ফোটার পর নুন ও আজিনামোটো দিয়ে ভালো করে নেড়ে নিন। ইতিমধ্যেই ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে রাখুন। সেই কর্নফ্লাওয়ার অল্প অল্প করে ফুটন্ত স্যুপে দিন। এবার একটি গোটা ডিম আলাদা করে ফেটিয়ে নিয়ে স্যুপের মধ্যে যোগ করে দিলেই তৈরি চিকেন অ্যাসপারাগাস স্যুপ। পরিবেশনের সময় উপর থেকে গোলমরিচ ও সয়া সস অল্প ছড়িয়ে স্যুপ সিজনড করে দিলে, খেতে আরও ভালো হয়।

টম্যাটো এগ ড্রপ স্যুপ

হালকা ঘন ও টক-মিষ্টি স্বাদের এই স্যুপ শীতে বেশ উপযোগী। বিশেষ করে শিশুরা এই স্যুপ খেতে খুবই ভালোবাসে।

উপকরণ: চিকেন স্টক ৫০০ মিলিলিটার, মাঝারি টম্যাটো ২টি, ডিম ১টি, কুচানো রশুন ১ চা চামচ, চিনি  চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো  চা চামচ, তেল ১ চা চামচ, নুন স্বাদমতো, কুচানো স্প্রিং অনিয়ন সামান্য।
প্রণালী: টম্যাটোর খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ডিমও ফেটিয়ে আলাদা করে সরিয়ে রাখুন। ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে রাখুন, যেন কোনো দলা বা ডেলা না থাকে। এবার কড়াই গরম করে ১ টেবিল চামচ তেল নিয়ে টম্যাটো ভেজে নিন। এতে ভেজ বা চিকেন স্টক যোগ করুন। ফুটতে শুরু করলেই স্বাদ মতো নুন, অল্প গোলমরিচ ও সামান্য পরিমাণে আজিনামোটো দিন। স্যুপ ভালো করে ফুটে উঠলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিন। একটু ঘন হয়ে এলে উপর থেকে অল্প অল্প করে ফেটানো ডিম ছড়িয়ে দিতে থাকুন। কুচানো স্প্রিং অনিয়ন ছড়িয়ে নামিয়ে নিন।

মনীষা মুখোপাধ্যায় 

ছবি: শুভজিৎ মণ্ডল