নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কিছুদিন আগে জেট কাম সাকশন মেশিন ব্যবহার করে রাতভর চলেছিল নিকাশি সংস্কারের কাজ। জলও নেমে গিয়েছিল বিভিন্ন এলাকা থেকে। কিন্তু তারপর আবার যে কে সেই! জমা জলের ভোগান্তিতে ফের নাকাল বেলুড়ের বাসিন্দারা। মঙ্গলবার সকালে জমা জল সরানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বেলুড় স্টেশন রোড এলাকার বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা আটকে রাখেন তাঁরা। পরে বেলুড় থানার পুলিস গিয়ে অবরোধ তোলে।
টানা বৃষ্টি না হলেও বেলুড় স্টেশন রোড সংলগ্ন খামারপাড়া, সরস্বতী ব্যায়াম সমিতি সহ কয়েকটি এলাকা থেকে জল এখনও নামেনি। একাধিক বাড়ির ভিতরে জমে রয়েছে নোংরা, কর্দমাক্ত জল। দুর্গন্ধে অলিগলি দিয়ে চলাচল করাই দুষ্কর। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়াই দায় হয়ে উঠেছে এলাকাবাসীর। বাচ্চাদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এদিন সকালে বেলুড় স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। শিল্পা দাস, শ্রাবণী দাস, শিল্পী সরকাররা বলেন, ‘পুরসভার তরফে ব্লিচিং পাউডার ছড়াতেও আসছে না কেউ। পোকামাকড়, সাপের উপদ্রব বাড়ছে। স্থানীয় নেতারা এসে শুধু ছবি তুলে চলে যাচ্ছেন’। রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় ওই এলাকায়। পুলিস এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এই সমস্যার দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘সারফেস ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। তারপরেও কয়েকটি পকেট এলাকা থেকে জল সরছে না। পুরসভার সঙ্গে কথা হয়েছে। আজ ম্যানুয়াল পদ্ধতিতে ওই এলাকায় নিকাশিনালা থেকে ব্লকেজ সরানোর কাজ হবে’। গত সপ্তাহে বেলুড় স্টেশন রোডের ম্যানহোল পরিষ্কার করতে কলকাতা পুরসভা থেকে জেট কাম সাকশন মেশিন আনা হয়েছিল। সারারাত ধরে চলে ব্লকেজ সরানোর কাজ। ম্যানহোল থেকে বের হয় বস্তা বস্তা প্লাস্টিক।