নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারই গোটা দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলি শক্তি বাড়াবে বলে জানিয়েছে তারা। বর্ষা বিদায়ের পর সমুদ্রে কোনও নিম্নচাপ তৈরি হলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত যে দীর্ঘকালীন পূর্বাভাস দিয়েছে এদিন, সেখানে অবশ্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানানো হয়নি। কেরল-কর্ণাটক-লাক্ষাদ্বীপ লাগোয়া দক্ষিণ পূর্ব আরব সাগরে শনিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এটিও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে ২৬ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর উপকূলের কোন দিকে যাবে, সেটা এখনও জানা যায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ তামিলনাড়ু থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত উপকূলের যে কোনও জায়গা দিয়ে স্থলভাগে প্রবেশ করে। নিম্নচাপ তৈরি হওয়ার এর গতিপ্রকৃতি নিশ্চিতভাবে বলা যাবে।



