Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোদির সভার চারদিন পরও হাল ফিরল না প্যারেড গ্রাউন্ডের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার চারদিন পেরিয়ে গেলেও হাল ফেরেনি প্যারেড গ্রাউন্ডের

মোদির সভার চারদিন পরও হাল ফিরল না প্যারেড গ্রাউন্ডের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার চারদিন পেরিয়ে গেলেও হাল ফেরেনি প্যারেড গ্রাউন্ডের। এখনও আলিপুরদুয়ার শহরের ফুসফুস ক্ষতবিক্ষত।

Advertisement

সোমবার ক্ষতবিক্ষত প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক তথা ডুয়ার্স কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। মাঠের এই দশা দেখে পিএমও এবং জেলা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
বিশালাকার প্যারেড গ্রাউন্ড শহরবাসীর স্বাস্থ্যচর্চা, খেলাধুলো এবং সময় কাটানোর জায়গা। সেই মাঠকেই প্রধানমন্ত্রীর সভার জন্য বেছে নেয় বিজেপি। বসে বিশালাকার হ্যাঙার, মাঠে একাধিক হেলিপ্যাড তৈরি হয়। পাশাপাশি, ভিআইপিদের গাড়ি চলাচলের জন্য মাঠের বুক চিরে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। বিপত্তি বাঁধে বৃষ্টিতে। মাঠের দশা আরও বেহাল হয়ে পড়ে। যা নিয়ে সাধারণ মানুষ ক্ষিপ্ত। 
এদিন প্রাক্তন বিধায়ক বলেন, শহরের আবেগ ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী সভা করতেই পারেন। কিন্তু, সভার চারদিন পরও শহরের গর্ব ওই মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়নি। আমি জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেছি। মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে জেলা প্রশাসনও কাজ করবে। প্যারেডগ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয়ে পিএমও দপ্তর ও জেলা বিজেপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সৌরভ বলেন, শহরের ওই সবুজকে কবে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে তা নিয়ে জেলা বিজেপির নেতারা কেন কিছু বলছেন না? এনিয়ে পিএমও দপ্তরই বা কি করছে? ভারত-চীন সহিংস সংঘর্ষে শহীদ রাজবংশী জওয়ান বিপুল রায়কে শ্রদ্ধা জানিয়ে আমি বিধায়ক থাকাকালীন প্যারেড গ্রাউন্ডে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসিয়েছিলাম। কিন্তু প্যারেড গ্রাউন্ডে সভা করলেও প্রধানমন্ত্রী বা বিজেপি নেতারা শহীদের মূর্তিতে মালা দেননি। 
সমস্ত অভিযোগের জবাবে আলিপুরদুয়ারের এমপি মনোজ টিগ্গা বলেন, প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ছিল। তারজন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ওই মাঠে মঞ্চ তৈরির নির্দেশ দিয়েছিল। যুক্তরাষ্ঠ্রীয় কাঠামোয় মাঠ ঠিক করে দেওয়ার দায়িত্ব বর্তায় রাজ্যের উপরই। বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, প্রধানমন্ত্রী আসার আগে দলের পক্ষ থেকেই শহীদ বিপুল রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে। 
 মদবোঝাই টোটো ফেলে চম্পট: রবিবার রাতে রামসাইয়ে টহল দিচ্ছিল ময়নাগুড়ি থানার পেট্রোলিং ভ্যান। সেই সময় পুলিসকে দেখে টোটো রেখে চম্পট দেয় এক টোটোচালক। ফেলে রাখা টোটোর সামনে গিয়ে চক্ষু চরকগাছ পুলিস আধিকারিকের। দেখতে পান টোটোয় রয়েছে ৬ কার্টন দেশি মদ। ১২০টি বোতল ছিল তাতে। এরপর টোটোটিকে আটক করে আমগুড়ি ফাঁড়ির পুলিস। অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ