জেন জির ভাষায় রিলস করতে হয়েছে ‘নন বায়োলজিকাল’ বৃদ্ধকেও! আক্রমণ বামেদের, বিরোধী জোট গঠনে সীতারাম স্মরণ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি বাধা কাটিয়ে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন ও জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ  আয়োজিত ‘সাম্রাজ্যবাদ ও গণতন্ত্র’ কর্মসূচি পালিত হল সিপিএমের কলকাতা জেলা কার্যালয় প্রমোদ দাশগুপ্ত ভবনে। সারা দেশ থেকে উপস্থিত হয়েছিলেন ইতিহাসবিদ, অধ্যাপক, বাম ছাত্র আন্দোলনের নেতৃত্বরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, বর্তমান সময়ে পৃথিবীতে সাম্রাজ্যবাদ কীভাবে নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে। জেন জি আন্দোলনের অন্যতম নেতৃত্ব ঐশী, দীপ্সিতা, সখীদের কথায় উঠে আসে, যন্তরমন্তর নতুন ভাষা শিখিয়েছে। সেই ভাষায় ‘নন বায়োলজিকাল’ মানুষটিকেও রিলস তৈরি করতে হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন’জন ছাত্রছাত্রী নয়া সাম্রাজ্যবাদ বিষয় নিয়ে তাঁদের মত প্রকাশ করেন। 

Advertisement

জেন জি আন্দোলন ও দেশের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করেন এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্ব ঐশী ঘোষ, প্রাক্তন নেতৃত্ব দীপ্সিতা ধর ও সখী। যন্তরমন্তর আন্দোলনের সময় সামাজিক মাধ্যমের রিলসে ‘ভাইরাল’ হয়েছিলেন সখী। এদিন তিনি বলেন, ‘আমরা নতুন ভাষা, হিউমার ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলাম। নন বায়োলজিকাল বৃদ্ধ মানুষটিকেও রিলস তৈরি করতে হয়েছে।’ দীপ্সিতা বলেন, ‘নতুন প্রজন্ম নতুন ভাষা খুঁজে পেয়েছে। সেখান থেকেই আন্দোলনের নতুন গ্রামার তৈরি হয়েছে।’ এই পর্যায়ের সঞ্চালনা করেন সীমা চিস্তি। শেষে সেমিনারে অংশ নেন কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান আগুইলেরা, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, মালিনী ভট্টাচার্য, মুকুল কেশভান। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক। সিপিএম, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অসামান্য জোট গঠনে সীতারামের ভূমিকা তুলে ধরেন হামিদ। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ইজেডসিসিতে। এম এ বেবির অভিযোগ, রাজনৈতিক কারণে টাকা নেওয়ার পরেও ওই অনুষ্ঠান বাতিল করে কর্তৃপক্ষ। তারপরেই প্রমোদ দাশগুপ্ত ভবনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে দিল্লি ও রাজ্য থেকে সরাতে আমরা মহাজোট ইন্ডিয়া তৈরি করছি। কিন্তু বিভিন্ন রাজ্যে পরিস্থিতি আলাদা। রাজ্যগুলিতে কী হবে, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করবে রাজ্যের নেতারা। এদিন দর্শকাসনে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী প্রমুখ।  আলাপচারিতায় এম এ বেবি ও বিমান বসু। -পিটিআই