Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এটিএম কার্ড প্রতারণা, ধৃত উত্তরপ্রদেশের তিন

এটিএম কার্ড প্রতারণা, ধৃত উত্তরপ্রদেশের তিন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: এটিএম কার্ড বদল করে আর্থিক প্রতারণা চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করল কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১১৩টি এটিএম কার্ড, পাঁচটি মোবাইল ফোন, নগদ ছ’হাজার টাকা, কয়েকটি ভুয়ো আধার কার্ড। ধৃতদের তিনজনই উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। যে বিলাসবহুল গাড়িতে তারা এসেছিল সেই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বিপিনকুমার সিং, অনিলকুমার স্বরাজ ও সুনীলকুমার স্বরাজ। রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কামাখ্যাগুড়ির বাসিন্দা এক যুবক রবিবার কামাখ্যাগুড়ি বাসস্ট্যান্ডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তোলার জন্য আসেন। সেসময় বিপিণ ও অনিল ওই যুবকের সঙ্গে কথা বলার ছলে তাঁর এটিএম কার্ডটি বদল করে নেয়। কিছুক্ষণ পর ওই যুবক বুঝতে পারেন, তাঁর কার্ডটি বদলে দেওয়া হয়েছে। ওই যুবক তৎক্ষণাৎ বিষয়টি কামাখ্যাগুড়ি ফাঁড়িতে জানান। পুলিস কামাখ্যাগুড়ি বাসস্ট্যান্ডে গিয়ে বিপিন ও অনিলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১১৩টি এটিএম কার্ড। যেই গাড়িতে করে তারা আসে সেই গাড়িটি নিয়ে সুনীল পালিয়ে যায়। পরে তাকে ভাটিবাড়ি ফাঁড়ির অন্তর্গত চিকলিগুড়ি থেকে ধরা হয়। 
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, ধৃত তিনজন ৫ ডিসেম্বর উত্তরপ্রদেশ থেকে রওনা হয়েছিল। বিহারের পূর্ণিয়া হয়ে কলকাতা ঢোকে। কলকাতা থেকে অন্যান্য জেলা হয়ে দার্জিলিংয়ে এমন প্রতারণা করে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে আসে। এদের টার্গেট ছিল, গুয়াহাটি হয়ে বাড়িতে ফেরার। তার আগেই পুলিসি তৎপরতায় ধরা পড়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, এরা তিন-চার বছর ধরে এই কাজ করে আসছে। 
আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমপি বলেন, কামাখ্যাগুড়িতে এটিএম প্রতারণা চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
সম্পর্কিত সংবাদ