নিজস্ব প্রতিনিধি, মালদহ: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তি সহ একাধিক দাবিতে বুধবার এসপি অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড়ে জমায়েত করে মিছিল শুরু করে তারা। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন পরপর দুটো ব্যারিকেড ভাঙলেও তৃতীয় ব্যারিকেড বহু চেষ্টা করেও ভাঙতে পারেনি আন্দোলনকারীরা। মীনাক্ষীর নেতৃত্বে ব্যারিকেডের সামনেই বসে পড়েন তাঁরা। মীনাক্ষীর দাবি, আর জি কর কাণ্ড সহ একাধিক দাবিতে পুলিস সুপার তাঁদের ডেপুটেশন না নেওয়া পর্যন্ত অবস্থান চলছে। পরে অবশ্য পুলিস সুপার আন্দোলনকারীদের পাঁচ সদস্যকে ডেকে পাঠান। সংগঠনের মালদহ জেলা সম্পাদক অরূপ পোদ্দার বলেন, এসপি আমাদের স্মারকলিপি গ্রহণ করতে বাধ্য হন।



