Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এশিয়ান হাইওয়েতে হাতি, দুর্ঘটনার কবলে দু’টি গাড়ি

এশিয়ান হাইওয়েতে হাতি, দুর্ঘটনার কবলে দু’টি গাড়ি
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: এশিয়ান হাইওয়েতে আচমকাই হাতির পাল উঠে পড়ায় দুর্ঘটনার মুখে পড়ল দু’টি গাড়ি। ঘটনায় আহত হন পাঁচজন। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে বাগডোগরা জঙ্গলিবাবা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২ এর উপর। 
Advertisement
সন্ধ্যায় শিলিগুড়ির দিক থেকে একটি পিকআপ ভ্যান নকশালবাড়ির দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে একটি অটো বাগডোগরার দিকে আসছিল। আহতরা জানিয়েছেন, আচমকাই রাস্তায় হাতির পাল চলে আসে। প্রথমে তিন চাকার অটোকে ধাক্কা মারে একটি হাতি। এরপর একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। ঘটনায় আহত হন পিকআপ ভ্যানে থাকা চারজন। অপরদিকে অটো চালকও আহত হন। 
স্থানীয়রা জানিয়েছেন, দলে দু’টি বড় হাতির সঙ্গে বাচ্চা হাতি ছিল। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন বাগডোগরা থানার পুলিস, ট্রাফিক কর্মীরা এবং বাগডোগরা বনবিভাগের কর্মীরা। বনকর্মীরা হাতিকে জঙ্গলে ফেরান। পুলিস আহতদের উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। 
পুলিস জানিয়েছে, আহতরা হলেন, অর্জুন ধরকার, বিশাল বুইমালি, বল্লু ধরকার, রাকেশ সরকার (পিকআপ ভ্যানচালক), ও রতন রায় (অটোচালক)। পরে ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। বনবিভাগের বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, পাঁচজন জখম হয়েছেন। বনদপ্তর তাঁদের চিকিৎসার জন্য সবরকম সহায়তা করবে।
সম্পর্কিত সংবাদ