Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসএফআইয়ের পথ অবরোধ ঘিরে উত্তেজনা, বর্ধমানে পুলিসের সঙ্গে ধাস্তাধস্তি

এসএফআইয়ের পথ অবরোধ ঘিরে উত্তেজনা, বর্ধমানে পুলিসের সঙ্গে ধাস্তাধস্তি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: যাদবপুরের ঘটনার প্রতিবাদে রবিবার বর্ধমানে এসএফআইয়ের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। শহরের পার্কাস রোডে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুত্তলিকা জ্বালানোর চেষ্টা করে। পুলিস বাধা দিলে ধাস্তাধস্তি বেধে যায়। এসএফআই কর্মীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিস কর্মীদের ধাক্কা দিলে তারাও পাল্টা বল প্রয়োগ করে। তাঁদের আন্দোলনের জেরে শহরে যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।  এসএফআই নেত্রী উষসী রায়চৌধুরী বলেন, পুলিস মহিলাদের গায়ে হাত দিয়েছে। পুলিস তৃণমূলের হয়ে কাজ করছে। সেই কারণেই শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে ওরা মারধর করে। যাদবপুরে আক্রান্ত ছাত্রদের ওরা বাঁচাতে পারেনি। অথচ সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে আন্দোলনকারীদের মারধর করা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিন এসএফআই মিছিল করে পার্কাস রোডে আসে। পার্কাসরোডে রাস্তা অবরোধ করার পরই উত্তেজনা ছড়ায়। তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষ বলেন, এসএফআই নাটক করছে। ওরা শিক্ষামন্ত্রীর উপর হামলা করে ন্যক্কারজনক কাজ করেছে। সারা রাজ্যের মানুষ তা দেখেছে। ওরা যত এসব করবে ততই অস্তিত্বহীন হয়ে পড়বে। পুলিস জানিয়েছে, মরধর করার অভিযোগ ঠিক নয়। আন্দোলনকারীরাই ধাক্কাধাক্কি করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচির শুরু থেকেই পুলিস মোতায়েন করা হয়েছিল। মহিলা পুলিস কর্মীরাও সেখানে ছিলেন। আন্দোলনকারীদের দাবি, পুলিসের মারে সাতজন আহত হয়েছেন। যদিও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ