সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের এসএনসিইউ বিভাগের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি সামনে এল। হাসপাতালের এসএনসিইউ বিভাগে প্রবেশ করে কর্তব্যরত নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক সাফাই কর্মীর বিরুদ্ধে। সে সময় ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে অভিযোগ। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। ‘বর্তমান’ অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল তৈরি হয়। এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার মৃণালকান্তি অধিকারী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অবিলম্বে ওই কর্মীকে শো-কজ করা হবে। হাসপাতালের এসএনসিইউ বিভাগটি অত্যন্ত স্পর্শকাতর। শুধুমাত্র নবজাতকের মা ছাড়া পুরুষদের প্রবেশের অনুমতি নেই। এরআগেও এখান থেকে রোগীর পরিজন নার্সিংস্টাফদের মোবাইল, সোনার গয়না চুরি হয়েছে। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, এদিন দুপুরে হঠাৎ ওই কর্মী নবজাতক বিভাগের কোর জোনে প্রবেশ করে। নিষেধ করলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার পর থেকে আমরা প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কে। অবিলম্বে এখানে নিরাপত্তা বাড়ানো দরকার।
Advertisement
কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



