সংবাদদাতা, হলদিবাড়ি: মেখলিগঞ্জ এসডিও অফিসের বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় মঙ্গলবার রাতে জখম হন এক স্কুটি চালক। এ ঘটনায় হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লি মোড়ে চাঞ্চল্য ছড়ায়। গাড়ির ধক্কায় ওই যুবক মারাত্মকভাবে জখম হন। তাঁর মুখে চোট লাগে। স্থানীয়রাই ওই যুবককে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিস পৌঁছে এসডিও অফিসের বোর্ড লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করে। যদিও গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জখম যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম সৈকত ঘোষ। তিনি বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের বাড়ি হলদিবাড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লিতেই। পুলিস জানিয়েছে, চালকের খোঁজ চলছে।



