Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআরডিএ-র চেয়ারম্যান পদে অনুব্রত মণ্ডলই

এসআরডিএ-র চেয়ারম্যান পদে অনুব্রত মণ্ডলই
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: স্টেট রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (সংক্ষেপে এসআরডিএ)এর চেয়ারম্যান পদে অনুব্রত মণ্ডলই বহাল রইলেন। রাজ্য সরকার সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। গোরু পাচার মামলায় দু’বছর জেলবন্দি থাকলেও রাজ্য সেই পদে কাউকে বসায়নি। বোলপুর ফিরে বর্তমানে স্বমহিমায় রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। দলীয় কর্মসূচির পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও যোগদান করছেন। সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করছেন, তাতে বিতর্কের সৃষ্টি হয়েছিল। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সেই দপ্তরের অনুব্রত রয়েছেন কি না সেই নিয়ে জল্পনা তৈরি হয়। এরপর শনিবার রাজ্য হস্তশিল্প মেলার মঞ্চে তাঁকে এসআরডিএ চেয়ারম্যান হিসেবে তুলে ধরতেই যাবতীয় বিতর্কের অবসান হয়। যদিও এ প্রসঙ্গে ‘বর্তমান’কে অনুব্রতবাবু বলেন, আমার অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে জানা নেই। আমিই ছিলাম, আমিই আছি। এদিন শিবপুর মৌজার বিশ্ব ক্ষুদ্র বাজারে রাজ্য হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। তিনি ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য পদাধিকারীরা। তাঁরা তাঁদের বক্তৃতায় অনুব্রতবাবুকে এসআরডিএ-র চেয়ারম্যান হিসেবে সম্মোধিত করতেই সব বিতর্কের শেষ হয়। এপ্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, কেষ্টদা বরাবরই ওই পদে ছিলেন।‌
Advertisement
সম্পর্কিত সংবাদ