ঘোড়ামারা দ্বীপের ভাঙন: সব  পক্ষের রিপোর্ট চাইল এনজিটি
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপন্ন ঘোড়ামারা দ্বীপের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিশেষজ্ঞ সদস্য আফরোজ আমেদের বেঞ্চে মামলাটি ফের উঠবে ১২ মার্চ। এই মামলার বিভিন্ন পক্ষের মধ্যে রয়েছে বন ও পরিবেশ মন্ত্রক, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদ, রাজ্যের কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি।

Advertisement

মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে গ্রিন ট্রাইবুনাল গতবছর মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে। ১৭ ফেব্রুয়ারি ট্রাইবুনাল এই দ্বীপের পরিস্থিতি পর্যালোচনায় একটি যৌথ কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে ভুবনেশ্বরে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রকের আঞ্চলিক অফিসের ডিজি ও রাজ্যের প্রিন্সিপাল চিফ কনজারভেটার অব ফরেস্টকে রাখা হয়। ঘোড়ামারা দ্বীপের ভাঙন প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যাপারে ওই কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছিল। কমিটির রিপোর্ট মামলা সংশ্লিষ্ট সব পক্ষকে দিয়েছে বেঞ্চ। সেটি পর্যালোচনা করে ৬ সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘোড়ামারা দ্বীপের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। রিপোর্টে উল্লেখ করেছে যৌথ কমিটি। দ্বীপটিতে কতটা ভাঙন হয়েছে, এখন পরিস্থিতি কেমন এবং ভাঙন প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া জরুরি, সেই ব্যাপারে নির্দিষ্ট কিছু সুপারিশ করেছে কমিটি। 
সরকারি রিপোর্ট অনুযায়ী, ১৯৭২ সালে ঘোড়ামারা দ্বীপের আয়তন ছিল ৭.২ বর্গ কিমি। ক্রমাগত ভাঙনের ফলে ২০২২ সালে তা কমে হয়েছে ৩.৬ বর্গ কিমি। বহু মানুষ দ্বীপের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হ঩য়েছেন। একসময় এই দ্বীপের লোকসংখ্যা ছিল ৪০ হাজার। ২০০১ সালের গণনায় তা কমে দাঁড়ায় মাত্র ৫ হাজার। এখন বসবাসকারীর সংখ্যা ৩ হাজারেরও কম! ভাঙন অব্যাহত। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্বীপের বাকি অংশের ৪০ শতাংশ ২০৪২ সালের মধ্যে নদীগর্ভেই তলিয়ে যাবে।