সংবাদদাতা, মানিকচক: মানিকচকের গোপালপুরে গঙ্গা ভাঙন অব্যাহত। শান্তিমোড়ে বিঘার পর বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে ভাঙন হয়েছে বলে দাবি স্থানীয়দের। কয়েক সপ্তাহ ধরে ভাঙন হলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গোপালপুরে কয়েক সপ্তাহ ধরে ভাঙন চললেও সোমবার সন্ধ্যায় রুদ্ররূপ ধারণ করে গঙ্গা। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা নিমেষে তলিয়ে যেতে দেখা যায় গঙ্গাগর্ভে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এই ভাঙন। যার ফলে প্রায় ২০০ মিটার লম্বা ও প্রায় ৫০ মিটার চওড়া এলাকার প্রায় দুই বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়েছে। বর্তমানে নদী থেকে বাঁধের দূরত্ব মেরেকেটে ৫০ মিটার। ভাঙনে আতঙ্কে রয়েছেন গঙ্গাপাড়ের মানুষ। তাঁদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে রতুয়ার জিতুটোলার ঘটনার পুনরাবৃত্তি হবে এখানে। ভাঙন মোকাবিলায় প্রশাসন নজর না দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এলাকার বাসিন্দা সদাগর আলি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। বিষয়টি বিধায়ক ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্তিক জায়গায় কাজ হলেও গোপালপুরে কোনো কাজ শুরু হয়নি। মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, বিষয়টি খুবই উদ্বেগের। সেচ দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। কলকাতা থেকে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করব। নিজস্ব চিত্র



