Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর কাউন্টডাউন শুরু, পুজোর কাউন্টডাউন শুরু থিম চূড়ান্ত করতে ব্যস্ত উদ্যোক্তারা

পুজোর কাউন্টডাউন শুরু, পুজোর কাউন্টডাউন শুরু থিম চূড়ান্ত করতে ব্যস্ত উদ্যোক্তারা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রথা মেনে আজ রথের রশিতে টান পড়ছে। রথযাত্রা কার্যত দশভুজার আবাহন বার্তাও বহন করে। স্বাভাবিকভাবেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি রওনা হতেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে পুজোর ঢাকে কাঠিও পড়তে চলেছে। বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা ইতিমধ্যে খুঁটিপুজোর তোড়জোড়ও শুরু করেছেন। রীতি মেনে বহু জায়গায় এদিনই প্রতিমার কাঠামোয় মাটি পড়বে। অনেক জায়গায় খুঁটিপুজোও হবে। কোথাও আবার উল্টোরথের দিন খুঁটিপুজো হবে। স্বাভাবতই রথযাত্রার দিন থেকেই বাঙালি উৎসবের দিন গোনা শুরু করে দিয়েছে। 

Advertisement

হাতে খুব একটা বেশি সময় নেই। মাঝে মাত্র তিন মাস অপেক্ষা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা ব্যস্ত। পুজো উদ্যোক্তারা দর্শকদের নজর কাড়তে থিমের লড়াইয়ে কোমর বেঁধে আসরে নামতে চলেছেন। একে অপরকে টেক্কা দিতে রুদ্ধদ্বার বৈঠকে থিম নিয়ে চুলচেরা আলোচনা শুরু হয়েছে। সেইসঙ্গে মণ্ডপসজ্জা ও প্রতিমা শিল্পীদের সঙ্গে আলাপ আলোচনাও শুরু হয়ে গিয়েছে। যদিও পুজো উদ্যোক্তারা থিম ফাঁস হওয়ার ভয়ে এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। যদিও উদ্যোক্তাদের দাবি, দর্শকদের নজর কাড়তে এবছরও কোনও ত্রুটি রাখা হবে না। নজর কাড়া থিমের পাশাপাশি আলোর ঝলকানিতে মণ্ডপ সাজিয়ে তোলা হবে। উদ্যোক্তাদের একাংশের কথায়, মণ্ডপে পরিবেশ দূষণ রোধ সহ সামাজিক বার্তা দেওয়া হবে। প্লাস্টিক কিংবা থার্মোকল জাতীয় সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকতে সচেষ্ট উদ্যোক্তারা। তবে এখনই থিম প্রকাশ্যে আনতে চাই না।
সিউড়ি চৌরঙ্গি সর্বজনীনের পুজো এবছর ৪৬বছরে পড়তে চলেছে। উদ্যোক্তাদের তরফে কোষাধ্যক্ষ দেবাশিস ধীবর বলেন, আমরা বিগত দিনেও থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দিয়েছি। এবারও সেই চেষ্টা রয়েছে। ইতিমধ্যে একাধিক থিম নিয়ে আলোচনা চলছে। খুব দ্রুত থিম চূড়ান্ত হবে। সেইসঙ্গে মণ্ডপসজ্জার কাজও শুরু হয়ে যাবে। জয়তু সুভাষ গোষ্ঠীর সম্পাদক দেবাশিস সাহা বলেন, উল্টোরথের দিন খুঁটিপুজো করা হবে। রীতি অনুসারে সেদিন থেকেই থেকেই মূর্তি তৈরির কাজও শুরু করা হবে। তবে এবছর থিম থেকে আমরা বিরত থাকছি। দক্ষিণ ভারতের আদলে স্থায়ী মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরেই দশভুজা অধিষ্ঠিত হবেন। থিমের খরচ বাঁচিয়ে সমাজসেবামূলক কাজে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ