Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পালয় থেকেই প্রতিমার সাজ কিনছেন উদ্যোক্তারা, কৃষ্ণনগরের ব্যবসায়ীরা বিপাকে

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে পুজোর। পাড়ায়, পাড়ায় মণ্ডপ ও প্রতিমা তৈরির তোড়জোড় চলছে। কিন্তু প্রতিমার সাজসজ্জার দোকানগুলিতে কাজের সেই গতি চোখে পড়ছে না।

শিল্পালয় থেকেই প্রতিমার সাজ কিনছেন উদ্যোক্তারা, কৃষ্ণনগরের ব্যবসায়ীরা বিপাকে
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমিয়কান্তি বিশ্বাস  কৃষ্ণনগর

Advertisement

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে পুজোর। পাড়ায়, পাড়ায় মণ্ডপ ও প্রতিমা তৈরির তোড়জোড় চলছে। কিন্তু প্রতিমার সাজসজ্জার দোকানগুলিতে কাজের সেই গতি চোখে পড়ছে না। বছরের এই সময়ে যেখানে বাড়তি ব্যবসার একটা আশা থাকে, সেখানে এবছর বাজার চলছে স্বাভাবিক গতিতে। পুজোর আগে একসময় সাজ শিল্পের দোকানগুলিতে লাইন লেগে যেত। কিন্তু যত দিন যাচ্ছে সেই ভিড় উধাও।  কৃষ্ণনগরের এক নামী সাজ শিল্পের দোকানের মালিক সুশীল পাল জানান, প্রায় ৩৫ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত।আগে পুজোর মরশুম মানেই প্রচুর অর্ডার আসত। এখনও আসে, তবে তা আগের চেয়ে কম। আসলে এখন বেশিরভাগ প্রতিমা শিল্পী সরাসরি শিল্পালয় থেকেই সাজ কিনছে, ফলে দোকানে বাড়তি চাপ পড়ছে না। শহরের আরএক সাজ শিল্পের ব্যবসায়ী গোপাল দত্ত বলেন, ব্যবসা পুজোয় আহামরি কিছুই বাড়েনি। তবে অন্য সময়ের চেয়ে একটু বাড়বে এটাই স্বাভাবিক। সেটাকে ভালো বলা যাবে না। আমরা ছোট থেকে বড় সব ধরনের প্রতিমার সাজের অর্ডার নিয়ে থাকি। আমাদের সাজ এলাকার বাইরে বেশি যায়। এ বছর ছত্রিশগড়, আসাম ইত্যাদি জায়গায় প্রতিমার সাজ গিয়েছে। 
শহরের কিছু ছোট দোকানদার আবার মনে করেন, শেষ মুহূর্তে হয়তো কিছুটা চাহিদা বাড়তেও পারে। তাঁরা অপেক্ষা করছেন মহালয়া পেরিয়ে পুজোর দিনগুলিতে ব্যবসা বাড়ার জন্য। তাঁরা বলছেন, একটা সাজ শিল্পের ঘরে তো সাধারণত অল্প কিছু ডিজাইনের সামগ্রীই থাকে, আর আমাদের কাছে প্রচুর ধরনের আছে। তাই আশা করছি বিক্রি বাড়বে। পুজোর মরশুম শুরু হয়ে গেলেও বছরের অন্যান্য সময়ের মতোই চলছে সাজ শিল্পের ব্যবসা। তাই পুজোর মরশুমে প্রত্যাশিত লাভ না হওয়ায় খানিকটা হতাশ সাজ শিল্পের কারবারিরা। তবে ব্যবসায়ীদের আশা, কালী ও জগদ্ধাত্রী পুজোয়বাজার কিছুটা জমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ