Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনটিপিসি মোড়ে খুব শীঘ্র আরও একটি আন্ডারপাস

এনটিপিসি মোড়ে খুব শীঘ্র আরও একটি আন্ডারপাস
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: যানজট কমাতে ফরাক্কা এনটিপিসি মোড় সংলগ্ন রেললাইনের নীচ দিয়ে আরও একটি আন্ডারপাস তৈরির উদ্যোগ নিল প্রশাসন। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের যৌথ উদ্যোগে হবে এই আন্ডারপাস। মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান প্রশাসনের কর্তারা। পরিদর্শনে ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম, বিডিও জুনায়েদ আহমেদ সহ এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকরা। প্রতিনিধি দলটি এলাকা ঘুরে দেখেন। এনটিপিসি মোড় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ফিডার ক্যানেলের পশ্চিম পাড় তথা ঝাড়খণ্ডগামী এই রাস্তায় নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। সেখানে একটি মাত্র আন্ডারপাস থাকায় যানজটের সৃষ্টি হয়। বহু পণ্যবাহী ট্রাক, লরি থেকে টোটো, অটো আটকে পড়ে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। এছাড়াও বর্ষার মরশুমে রাস্তায় খানাখন্দে জল জমে যায়। প্রতিদিন সন্ধ্যার পর যানজটের ফলে যানবাহনের লম্বা লাইন পড়ে। এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। মনিরুল ইসলাম বলেন, এলাকায় একটা আন্ডারপাস রয়েছে। যানবাহনের চাপ থাকায় যানজট হয় ও বহু সময় পার হয়ে যায়। সেই কথা ভেবেই আমরা নতুন আন্ডারপাসের উদ্যোগ নিয়েছি। সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ