নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুক্রবার বিকেলে সম্পূর্ণ রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হয়। সেদিন সন্ধ্যা থেকে যাত্রী পরিষেবা চালু হয়ে গিয়েছিল। শনিবার থেকে সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান আপ-ডাউনে দিনভর মেট্রো ছুটতে শুরু করেছে। সূত্রের দাবি, আগের শনিবারের (১৬ আগস্ট) তুলনায় মাত্র সাড়ে তিন হাজার বাড়তি যাত্রী হয়েছে ২৩ আগস্ট। মেট্রো কর্তাদের দাবি, শনিবার সাধারণত যাত্রী সংখ্যা কম থাকে। পাশাপাশি বহু মানুষের কাছে এখনও এসপ্ল্যানেড-শিয়ালদহ জুড়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট নয়। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিন থেকে যাত্রী সংখ্যা বাড়তে শুরু করবে। ধীরে ধীরে তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে। প্রসঙ্গত পর্যাপ্ত কর্মীর অভাবে ভুগছে কলকাতা মেট্রো। ট্রেন চালক থেকে স্টেশন স্টাফ, ঘাটতি রয়েছে সর্বস্তরে। এই আবহে যাত্রীদের জন্য রেলের পরামর্শ, কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি নেবেন না। বদলে ‘আমার মেট্রো অ্যাপ’ নিজের মোবাইলে ডাউনলোড করে নিন। এর মাধ্যমে সহজে টিকিট বুক করা যাবে।



