Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সুনীলদের ঘিরে উৎসাহ শিলংয়ে

মেঘালয়ের রাজধানীতে বরাবরই জনপ্রিয় ফুটবল। জাতীয় দল শহরে পা রাখামাত্রই পারদ ক্রমশ উর্দ্ধমুখী। সুনীল ছেত্রীদের স্বাগত জানিয়ে শহরজুড়ে পোস্টার তারই উদাহরণ।

সুনীলদের ঘিরে উৎসাহ শিলংয়ে
  • ১৫ মার্চ, ২০২৫ ১২:০০
Prefer us on Google

শিলং: মেঘালয়ের রাজধানীতে বরাবরই  জনপ্রিয় ফুটবল। জাতীয় দল শহরে পা রাখামাত্রই পারদ ক্রমশ উর্দ্ধমুখী। সুনীল ছেত্রীদের স্বাগত জানিয়ে শহরজুড়ে পোস্টার তারই উদাহরণ। আগামী ২৫ মার্চ স্থানীয় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা বাছাই পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে চান মানোলো মার্কুয়েজ। উল্লেখ্য, স্প্যানিশ কোচের অধীনে এখনও জয়ের স্বাদ পায়নি ভারতীয় দল। পদ্মাপাড়ের দলকে বশ মানাতে বদ্ধপরিকর তিনি। অবসর ভেঙে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনে মরিয়া চাল দিয়েছেন অভিজ্ঞ কোচ। ৪০ বছরের সুনীলের কামব্যাক নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে মানোলোর মন্তব্য, ‘দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত। কঠিন সময়ে ওকে দরকার।’চলতি আইএসএলে সুনীলের নামের পাশে ১২টি গোল। তবু অনেকেরই অভিমত, পোস্টার বয়কে ফেরানোর কোনও যুক্তি নেই। মাস আটেক আগে কলকাতায় ঘটা করে অবসর ঘোষণার সিদ্ধান্ত গিমিক কীনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। সবমিলিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে দিচ্ছে সুনীলের প্রত্যাবর্তন। 

Advertisement

শনিবার দলকে দু’বেলা অনুশীলন করান মানোলো। জিম সেশনের পর সন্ধ্যায় কম্বিনেশন মুভমেন্টে জোর দেওয়া হয়। চোটের কারণে শিবিরে অনুপস্থিত ছাংতে।  এটা মানোলোর কাছে বড় ধাক্কা। তবে সন্দেশ, লিস্টন, মনবীর, রাহুল ভেকের মতো অভিজ্ঞ ফুটবলার থাকায় স্কোয়াড বেশ শক্তিশালী। অন্যতম সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিংগানের মন্তব্য, ‘হাতে কয়েকদিন সময় রয়েছে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে আমরা মুখিয়ে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ