Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপিতে রেলের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে আপত্তি বাসিন্দাদের

এনজেপিতে রেলের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে আপত্তি বাসিন্দাদের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপিতে রেল নিজের জমির সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করেছে। আর তাতেই আপত্তি স্থানীয় বাসিন্দাদের। সীমানা প্রাচীর হয়ে গেলে লাগোয়া এলাকার বাসিন্দাদের যাতায়াতের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। অ্যাম্বুলেন্স, দমকল সহ জরুরি পরিষেবার গাড়িও যেতে পারবে না। একারণেই স্থানীয় বাসিন্দারা এই সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছেন। সমাধানের জন্য গত শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে মেয়র গৌতম দেবের কাছে বিষয়টি জানিয়েছেন বাসিন্দারা। মেয়র তাদের কথা দিয়েছিলেন, এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
Advertisement
সেইমতো সোমবার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনিতে ওই এলাকা পরিদর্শন করেন মেয়র। সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলার তাপস চট্টোপাধ্যায়, শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা। রেল সূত্রে জানা গিয়েছে, এই সীমানা প্রাচীর দেওয়ার ক্ষেত্রে লাগোয়া এলাকায় বাসিন্দাদের কথা ভেবে তিনটি জায়গায় পথ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মূল অংশে যাতায়াতের জন্য যে জায়গা ছাড়ার কথা বলা হয়েছে তা অনেকটাই কম। অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন যেতে পারবে না। বাসিন্দাদের দাবি, প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দিয়ে রেলকে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে।  এদিন এলাকা পরিদর্শনের পর মেয়র গৌতম দেব বলেন, রেল তার জমিতে সীমানা প্রাচীর দেবে, এতে আপত্তির কোনও জায়গা নেই। তবে একটি বসতি রয়েছে, তাদের কথাও ভাবতে হবে। এটি জটিল সমস্যা।  তবে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। এব্যাপারে রেলের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হয়েছে। সমাধান সূত্র বের করার জন্য শীঘ্রই শিলিগুড়ি পুরসভা রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে।
এদিকে রেলের এক আধিকারিক বলেন, রেলের ফাঁকা জমি তো বটেই, পরিত্যক্ত কোয়ার্টার দেখলেই সাধারণ মানুষ সেখানে বসতি গড়ে তুলছে। এই ধরনের বসতি গড়ে ওঠার সময় স্থানীয় পুলিস প্রশাসনের বিরোধিতা করা উচিত। দেখা যায় রেলের সম্পত্তিতে এধরনের বসতি গড়ে ওঠার সময় স্থানীয় প্রশাসনের তরফে কোনও প্রতিরোধ, বিরোধিতা হয় না। সেখানে  ধীরে ধীরে বসতি বেড়ে ওঠে। রেল তার প্রয়োজনে সেই জমি উদ্ধার করতে গেলেই এধরনের বাধা বা আপত্তি ওঠে। তাই শুরুতেই এব্যাপারে স্থানীয় প্রশাসন নজর দিলে এধরনের জটিলতা তৈরি হয় না।
সম্পর্কিত সংবাদ