সুমন তেওয়ারি, মাইথন: ভ্রমণ পিপাসু বাঙালির জন্য সুখবর। এবার পালতোলা নৌকায় ঘোরার সুযোগ মিলবে মাইথনে। তার জন্য গড়ে তোলা হচ্ছে ইয়ট ক্লাব। যেখান থেকে নৌকাগুলি যাত্রা করবে, তা সুন্দরভাবে সাজিয়ে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। পাহাড়ের কোলে তৈরি করা হয়েছে নতুন সানসেট পয়েন্ট। যেখান থেকে বিশাল জলাধারের সূর্যাস্তের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা। গড়ে তোলা হয়েছে ক্যাফেটেরিয়া। কিছুদিনের মধ্যে নতুন এই পর্যটন ক্ষেত্র জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে। স্বাভাবিকভাবেই মাইথন আরও আর্কষণীয় হবে নতুন এই উদ্যোগে। পর্যটকদের আরও বেশি করে ভিড় বাড়বে বলে মনে করছে ডিভিসি কর্তৃপক্ষও। পালতোলা নৌকার সফল পরিচালনা সম্ভব হলে জলাধারের একাংশে ওয়াটার স্পোর্টস করানো যায় কি না, তা নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন ডিভিসির কর্তারা। তাছাড়া মাইথনে চলাচল করা নৌকাগুলিকে নির্দিষ্ট জায়গায় আনতে বোটিং কমপ্লেক্সও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পালতোলা নৌকা ছিল অবিভক্ত বাংলার বাণিজ্যের প্রধান মাধ্যম। নদীকেন্দ্রিক বাংলায় বিশাল আকারের পালতোলা নৌকা ছিল রাজা, জমিদারদের ‘স্ট্যাটাস সিম্বল’। এখন দেশে বিদেশের নামী বিনোদনক্ষেত্রগুলিতে পালতোলা নৌকা বিহার শুরু হয়েছে। নেট মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ায়, তা নিয়ে পর্যটকদের আগ্রহের অন্ত নেই। এবার সেই আধুনিক বিনোদনের আনন্দ পর্যটকরা নিতে পারবেন মাইথনে। পালতোলা নৌকা পরিচালনা করে ইয়ট ক্লাব। তাই মাইথনে ইয়ট ক্লাবও গড়ছে ডিভিসি। মাইথনের পশ্চিমবঙ্গ এলাকাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাইথন জলাধার ঘিরে রয়েছে একাধিক টিলা। তারই একটি টিলাকে বেছে নেওয়া হয়েছে। ইয়ট ক্লাব যাওয়া রাস্তায় একদিকে টিলা, অন্যদিকে বিস্তৃত জলরাশি। তারপর অনেক উঁচু এলাকায় গড়ে তোলা হয়েছে বিশেষ পালতোলা নৌকার ঘাট। যেখান থেকে পর্যটকরা নৌকায় চাপবেন। ওই এলাকার একটি প্রান্ত সানসেট পয়েন্ট হিসাবে গড়ে তোলা হয়েছে। যেখান থেকে মাইথন জলাধারের কোলে সূর্যাস্ত দেখা যায়। সেখানেই একটি আধুনিক ক্যাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। এক কথায় বিনোদনের এক নতুন ঠিকানা পর্যটকদের উপহার দিতে চলেছে ডিভিসি। কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন প্রজেক্টটির উদ্বোধন হতে চলেছে। অর্থাৎ, পুজো থেকে শীতকালে মাইথনে আসা পর্যটকরা এর আনন্দ নিতে পারবেন। এছাড়াও ঝাড়খণ্ড লাগোয়া এলাকার গগনায় বোটিং কমপ্লেক্স গড়ে তোলা হবে। ডিভিসি কর্তৃপক্ষ চাইছে মাইথনকে ঘিরে পর্যটন শিল্পের আরও বিকাশ। সেই কারণে তাদের ভাবনায় রয়েছে ওয়াটার স্পোর্টসও।
ডিভিসির মাইথনের প্রজেক্ট হেড সুবীর সাহা বলেন, খুব দ্রুত পালতোলা নৌকায় মাইথনে ঘুরতে পারবেন পর্যটকরা। আমরা নতুন সানসেট পয়েন্টও করেছি। পর্যটন উন্নয়নে একাধিক নতুন ভাবনা রয়েছে।